Site icon CPLUSBD.COM

চসিক মেয়রের সাথে সিইউজে নেতাদের সৌজন্য সাক্ষাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নব নির্বাচিত কমিটির নেতারা।

বুধবার দুপুরে নগরীর টাইগার পাসে সিটি করপোরেশন কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত করেন সাংবাদিক নেতৃবৃন্দ। পরে সাংবাদিকদের সঙ্গে চট্টগ্রামের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন সিটি মেয়র। মতবিনিময়কালে আ জ ম নাছির উদ্দীন বলেন, সমাজের দর্পন হিসেবে সংবাদ মাধ্যম যথাযথ ভূমিকায় থাকলে রাষ্ট্রের কোন প্রতিষ্ঠানের বিপথে যাওয়ার সুযোগ থাকে না। সাংবাদিকদের পক্ষপাতদুষ্ট না হয়ে নির্মোহভাবে তাদের সংবাদ পরিবেশনের ব্যাপারে সজাগ থাকতে হবে।

এ সময় একজন রাজনীতিক ও ক্রীড়া সংগঠক হিসেবে সব সময় সাংবাদিকদের সুখে-দু:খে ছিলেন উল্লেখ করে আগামীর দিনগুলোতেও সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

সিইউজে সভাপতি মোহাম্মদ আলী এ সময় বলেন, মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর আ জ ম নাছির উদ্দীন যেভাবে চট্টগ্রামকে একটি সুন্দর শহরে রূপান্তরিত করেছেন তা বন্দরনগরীর মানুষ আজীবন স্মরণ করবে।

মতবিনিময়কালে সিইউজে সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম আশাবাদ প্রকাশ করে বলেন, মেয়রের মেয়াদ পূর্ণ হওয়ার পরও চট্টগ্রামের উন্নয়নে আ জ ম নাছির উদ্দীন অতীতের মতো সবসময় চট্টগ্রামবাসীর পাশে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন সিইউজের সিনিয়র সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, সহসভাপতি অনিন্দ্য টিটো, যুগ্ম সম্পাদক সবুর শুভ, অর্থ সম্পাদক কাশেম শাহ, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতেখার ফয়সাল।