Site icon CPLUSBD.COM

চান্দগাঁওয়ে ‘ধর্ষণচেষ্টার’ পর শিশুকে শ্বাসরোধ করে হত্যা

চান্দগাঁওয়ে ‘ধর্ষণচেষ্টার’ পর শিশুকে শ্বাসরোধ করে হত্যা
সিপ্লাস প্রতিবেদক: নগরীর চান্দগাঁওয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
রোববার (২৭ জুন) দুপুরে চান্দগাঁওয়ের বাহির সিগন্যাল মোড়ের পাশে বেপারিপাড়া এলাকায় দিদারুল আলমের বিল্ডিংয়ের চারতলার একটি বাসা থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।
খুনের শিকার শিশুটির মা বাহির সিগন্যাল এলাকার একটি পোশাক কারখানার কর্মী।  তিনি কারখানায় কাজ করার সময় খবর পান মেয়ে নিখোঁজ হয়েছে। এ খবর পেয়েই বাসায় এসে দেখতে পান খাটের নিচে তার শিশুকন্যার রক্তাক্ত দেহ পড়ে আছে।
পরে খবর পেয়ে  ঘটনাস্থল পরিদর্শন করে নগর পুলিশ উত্তরের অতিরিক্ত উপ-কমিশনার আবু বক্কর সিদ্দিক, পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার শহীদুল ইসলাম ও পিবিআইয়ের ও সিআইডির দুইটি বিশেষ টিম। মরদেহ উদ্ধারের পাশাপাশি আলামত সংগ্রহ করে পুলিশ ও সিআইডি।
ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান চলবে বলে জানান চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মুস্তাফিজুর রহমান। তবে জিজ্ঞাসাবাদের কয়েকজনকে থানায় আনা হয়েছে বলে জানান ওসি।
পুলিশ জানিয়েছে শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
শিশুটির বাবা মোহাম্মদ মহিউদ্দিন দিন মজুরের কাজ করেন। স্ত্রী ফাতেমার সঙ্গে ঝগড়া করে গত ২ মাস ধরে পৃথক থাকছেন তিনি।
শিশু হত্যার সাথে জড়িত পাষন্ডের দৃষ্টান্তমূলক শাস্তিই পারে এই বর্বরতা থামাতে মনে করছেন অপরাধ বিশ্লেষকরা।