সিপ্লাস ডেস্ক: চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসা থেকে নগদ ১ কোটি ১৭ লাখ ১ হাজার ৫০০ টাকা ও ৫ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মো. শওকত ইসলাম (৩২) ও তার স্ত্রী মোরজিনা (২৮) নামে রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে র্যাব।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে র্যাবের পক্ষ থেকে তাদের আটকের বিষয়টি জানানো হয়।
তারা চান্দগাঁও আবাসিক এলাকা বি-ব্লকের ৪ নম্বর রোডের ৭৯ নম্বর বাড়িতে ভাড়া থাকতেন বলে জানা গেছে।
এই বাসায় বসে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিলেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ওই রোহিঙ্গা দম্পতিকে আটক করা হয়েছে। তাদের বাসা থেকে নগদ ১ কোটি ১৭ লাখ ১ হাজার ৫০০ টাকা ও ৫ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক ২ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।

