Site icon CPLUSBD.COM

চার দফা বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে ডিপ্লোমা প্রকৌশলী ছাত্র-শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চার দফা বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে ডিপ্লোমা প্রকৌশলী ছাত্র-শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সিপ্লাস প্রতিবেদক: ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত পদবী অবনমনের ষড়যন্ত্রের প্রতিবাদে ও চার দফা বাস্তবায়নের দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ডিপ্লোমা প্রকৌশলী এবং পলিটেকনিক ছাত্র শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে পদযাত্রা মিছিল সহকারে সংগ্রাম পরিষদের একটি প্রতিনিধি দল আইইবি নেতৃবৃন্দের নিকট প্রতিবাদলিপি হস্তান্তর করেন।

পরিষদের চট্টগ্রাম জেলার আহবায়ক ও চট্টগ্রাম পলিটেকনিকের প্রাক্তন অধ্যক্ষ প্রকৌশলী মো. নুরুল কবিরের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ আলাউদ্দীন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইনিস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (আইডিইবি) এর কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী জাফর আহমেদ সাদেক।

বিশেষ অতিথি ছিলেন আইডিইবি চট্টগ্রাম জেলার সভাপতি প্রকৌশলী মো. নেছার উদ্দিন, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. জসীম উদ্দীন, চট্টগ্রাম পলিটেকনিক ছাত্র সংসদের সাবেক ভিপি ও মহানগর যুবলীগের সদস্য আবু মোহাম্মদ মহিউদ্দিন। সমাবেশে বক্তব্য রাখেন বিউবো ডিপ্রকৌসের সভাপতি প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক প্রকৌশলী এখলাস উদ্দিন আহমেদ, গণপূর্ত ডিপ্রকৌসের সাধারণ সম্পাদক প্রকৌশলী খোরশেদ আহমদ, সওজ ডিপ্রকৌসের সভাপতি প্রকৌশলী মো. জামাল উদ্দিন, চট্টগ্রাম ওয়াসা ডিইএ’র সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ইউছুপ, শিক্ষা প্রকৌশল ডিপ্রকৌসের সাধারণ সম্পাদক প্রকৌশলী দয়াল চন্দ্র চাকমা, কর্মপ্রত্যাশী ডিইএ’র সভাপতি প্রকৌশলী রফিকুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা রবিউল ইসলাম নয়ন, চট্টগ্রাম বন্দর ডিইএ’র সাধারণ সম্পাদক প্রকৌশলী রফিকুল ইসলাম নান্টু, প্রফেশনাল ডিইএ’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, বাংলাদেশ রেলওয়ে ডিপ্রকৌসের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবু জাফর, সিডিএ ডিইএ’র নেতা প্রকৌশলী আবিদুর রহমান খান, চসিক ডিইএ’র নেতা প্রকৌশলী সালমা খাতুন, জেলা আইডিইবি’র সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী জয়দেব বৈদ্য, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ) সংগঠক প্রকৌশলী ইয়াছির আরাফাত বাপ্পি, চপই ছাত্র সংসদের সাবেক এজিএস ইমন সরকার, চপই ছাত্র সংসদের ভিপি কাম্বার হোসেন রকি প্রমুখ।

সমাবেশে বক্তারা ডিপ্লোমা প্রকৌশলী এবং পলিটেকনিক ছাত্র শিক্ষকদের পেশা ও কারিকুলামগত সমস্যাসমূহ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও নির্দেশনার আলোকে গত একদশকেও সমাধান না হওয়ায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

দেশ ও জাতির স্বার্থে ডিপ্লোমা প্রকৌশলীরা যখন চার দফা দাবিতে আন্দোলনরত তখন ডিগ্রী প্রকৌশলীদের সংগঠন আইইবি ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত পদবী অবনমনের ঘৃণ্য ষড়যন্ত্র বাস্তবায়নে কুচক্রী মহলের সাথে একাত্ম হয়েছেন।

প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন-২০৪১ বাস্তবায়নে যেখানে ডিগ্রী ও ডিপ্লোমা প্রকৌশলীদের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইঞ্জিনিয়ারিং কর্মকান্ড সম্পাদন জরুরি সেখানে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আইইবি’র মতো পেশাজীবী প্রতিষ্ঠান প্রকাশ্যে কুচক্রীদের সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করায় তীব্র ঘৃণা ও নিন্দা জ্ঞাপন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি প্রকৌশলী জাফর আহমেদ সাদেক বলেন, ইঞ্জিনিয়ারিং খাতে একটি শ্রেণির আধিপত্য বিস্তার প্রতিহত করে দেশ ও জনগণকে জিম্মি দশা হতে মুক্ত রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের বৈষম্যহীন সোনার বাংলা গড়ে তুলতে ডিপ্লোমা প্রকৌশলীদের ঘোষিত চার দফা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় অতীতের ন্যায় কঠোর কর্মসূচীর মাধ্যমে বিশ্বব্যাংকসহ সকল ষড়যন্ত্রকারীদের প্রতিহত করে ডিপ্লোমা প্রকৌশলীদের চার দফা দাবী আদায় করা হবে।