বহদ্দারহাট-কালুরঘাট পর্যন্ত আরকান সড়কে চার বছর ধরে এ সড়কের এক পাশ বন্ধ আছে। এতে করে প্রতিদিন অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন এ সড়কের হাজার হাজার যাত্রী,চালক ও স্থানীয়রা। তাদের ভাষ্য, তারা ‘নরক যন্ত্রণা’ ভোগ করছেন। চসিক জানায়, পুরো সড়কটির সংস্কার ও উন্নয়ন কাজ আগামী ডিসেম্বর মাসের শেষ দিকে শেষ হবে।
সোমবার(১৪ অক্টোবর)সরেজমিনে দেখা যায়, বহদ্দারহাট থেকে কালুরঘাট পর্যন্ত সড়কের এক পাশ বন্ধ।
চালকরা সিপ্লাসকে জানিয়েছে, চার বছর ধরে সড়কে নরক যন্ত্রণা ভোগ করছি। রাস্তাটা একপাশ বন্ধ থাকায় সারাক্ষণ যানজট লেগেই থাকে। মাঝে মাঝে পথচারীরা দুর্ঘটনার শিকার হয়।
পথচারীরা সিপ্লাসকে বলেন, এই সড়কে চলাফেরা কমিয়ে দিয়েছি। কারণ এই সড়কের একপাশ দীর্ঘদিন থেকে বন্ধ থাকায় একলেনে দুমুখো গাড়ি চলাচল করার কারণে যানজট লেগে থাকে। ভোগান্তির শেষ নেই এই সড়কে।
যাত্রীরা সিপ্লাসকে বলেন, কষ্ট আর যন্ত্রণায় প্রতিদিন পথ পাড়ি দিতে হয় গাড়ীতে চড়ে।১০ মিনিটের পথ অনেক সময় ঘন্টার ছাড়িয়ে যায়।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ বলেন, ওয়াসার যন্ত্রণায় তিনি নিজেও অতিষ্ঠ। দীর্ঘদিন ওয়াসা আমাদের (চসিক) কাজ বুঝিয়ে না দেওয়াতে রাস্তার চরম বেহাল দশা রয়েছে। আশা করছি সব ঠিক থাকলে আগামী ডিসেম্বর নাগাদ এই রাস্তার সংস্কার কাজ শেষ করবে চসিক।
চসিক জানায়, বহদ্দারহাট-কালুরঘাট আরকান সড়কে আগামী ডিসেম্বর মাসের শেষের দিকে সংস্কার কাজ শেষ করবে চট্টগ্রাম সিটি করপোরেশন। ৭২ কোটি টাকার মেগা প্রকল্পের কাজ চলছে।
জানতে চাইলে, চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, সব ঠিকঠাক থাকলে আরাকান সড়ক স্বল্প সময়ে তথা ডিসেম্বর মাসে শেষ করতে পারব।
মেয়র জানান,যেহেতু গুণগত মানের দিকে সিটি করপোরেশন নজর দিচ্ছে সেহেতু বেশি তাড়াহুড়া না করে প্রকল্পের মেয়াদের মধ্যে শেষ করার জোর প্রচেষ্টা থাকবে।
প্রসঙ্গত: চট্টগ্রাম সিটি কর্পোরেশন রাস্তা সংস্কার বাবদ একনেকের ১২৩০ কোটি টাকার প্রকল্পের মধ্যে শুধু বহদ্দার হাট-কালুর ঘাট পর্যন্ত আরাকান সড়কের জন্য গত দুই মাস আগে থেকেই ৭২ কোটি টাকার বরাদ্ধের কাজ চলমান আছে।

