রাঙ্গুনিয়ায় ইট বোঝাই ট্রাক উল্টে গিয়ে খাদে পড়ে দুইজন আহত হয়েছে।
চালকের স্থানে হেলপার দিয়ে এই গাড়ি চালানোর কারণে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর গলাচিপা এলাকায় এই ঘটনা ঘটে।
এতে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছে। তাদের রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর ৪নম্বর ওয়ার্ড এলাকার ইউপি সদস্য বদিউল আলম আজিজ বলেন, দক্ষিণ রাজানগরের একটি ইটভাটা থেকে ইট বোঝাই করে ট্রাকটি ইসলামপুর ইউনিয়নের গাবতল দিয়ে হাটহাজারী উপজেলার উদ্দেশ্যে রওনা হয়েছিল। ট্রাকটির মূল চালক না থাকায় এটি চালাচ্ছিল তার হেলপার। যাওয়ার পথে ডিসি সড়কের মোহাম্মদপুর গলাচিপা এলাকায় এলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা দুই শ্রমিক গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। অদক্ষ চালক দিয়ে গাড়িটি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।
উল্লেখ্য সম্প্রতি রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় নিয়মিত সড়ক দুর্ঘটনা ঘটে চলেছে।
গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাপ্তাই সড়কের বুইজ্জার দোকান এলাকায় দাড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে একটি সিএনজি অটোরিকশা ধাক্কা দিলে এতে অটোরিকশায় থাকা যাত্রী ঢাকা রামপুরা বনশ্রী এলাকার হুমায়ুন কবিরের পুত্র ফয়সাল রেদওয়ান (৩৫) ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হয় ওই গাড়ির যাত্রী নিহত ফয়সালের স্ত্রী সহ চুয়েটের দুই শিক্ষার্থী।
অন্যদিকে একই দিন দুপুর ২টার দিকে উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রী কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়ে রিক্সা যোগে ফেরার পথে সড়কের উপর রাখা করাত কলের গাছের গুড়ির কারণে রিক্সা উল্টে গিয়ে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়। তারা হোছনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।
সড়কের বিশৃঙ্খল পরিস্থিতির কারণে দিন দিন যানজট বৃদ্ধি সহ ক্রমাগত এই ধরণের দুর্ঘটনা ঘটে চলেছে বলে অভিযোগ স্থানীয়দের। তাই সড়ক নিরাপদ করতে কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহবান জানিয়েছেন স্থানীয়রা।

