Site icon CPLUSBD.COM

চালক গেলো না, ভ্যান চালিয়ে লাশ থানায় নিল পুলিশ

সিপ্লাস ডেস্ক: গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মৃত অবস্থায় পড়ে ছিলেন এক পথচারী। তার লাশকে ঘিরে বেশ কিছু মানুষের জটলা সৃষ্টি হয়। কিন্তু কেউ তাকে উদ্ধারে এগিয়ে আসেনি।

এ ঘটনাটি নজরে আসে ওই এলাকায় দায়িত্ব পালনকারী এক পুলিশ সদস্যের। ঘটনাস্থলে গিয়ে লাশ দেখে তা বহনের জন্য একটি ভ্যানগাড়ি জোগাড় করেন। কিন্তু চালক তার ভ্যানে লাশ তুলতে বা চালিয়ে নিতে অপারগতা প্রকাশ করেন। অবশেষে ওই পুলিশ সদস্য লাশ ভ্যান গাড়িতে তুলে নিজেই ভ্যান চালিয়ে থানায় নিয়ে যান।

ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের সাইনবোর্ড কাঁচা বাজারের সামনের এলাকায়।

লাশ ভ্যান তুলে তা চালিয়ে নিয়ে গেছেন সেই পুলিশ সদস্যের নাম মো. রুবেল মিয়া। তিনি গাজীপুর মেট্টোপলিটন পুলিশের গাছা থানায় কনস্টেবল হিসেবে কর্মরত।

কনস্টেবল রুবেল জানান, শুক্রবার রাতে মোবাইল ডিউটি করছিলাম। রাত দেড়টার দিকে মালেকেরবাড়ি থেকে আসার পথে সাইনবোর্ড এলাকায় রাস্তার অপর লেনে কিছু লোক জড়ো হয়ে থাকতে দেখে ঘটনাস্থলে যাই। দেখি ৫০/৬০ বছর বয়সি একজন লোক মৃত অবস্থায় পড়ে আছেন। তার পরনে সাদা সার্ট, সাদা টুপি ছিল। তার পিঠে ও মাথার উপর দিয়ে গাড়ির চাকা যাওয়ার ছাপ ছিল। মহাসড়ক পার হতে গিয়ে গাড়ির সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে গেলে তার উপর দিয়ে গাড়ির (ট্রাকের) চাকা গিয়েছে বলে তার ধারণা।

তিনি বলেন, লাশ উদ্ধার করে থানায় নেয়ার জন্য একটি ভ্যানগাড়ি খুঁজতে থাকি। এক পর্যায়ে একটি ভ্যানগাড়ি পাওয়াও যায়। ভ্যানগাড়ির চালককে লাশটি থানায় নেওয়ার অনুরোধ করলে চালক তার ভ্যানে লাশ তুলতে এবং চালিয়ে নিতে অপারগতা প্রকাশ করে হাতে-পায়ে ধরেন। পরে অপর এক ব্যাক্তির সহযোগিতায় ওই ভ্যানে লাশ তুলে নিজেই ভ্যান চালিয়ে থানা পর্যন্ত চালিয়ে নিয়ে যাই।

রুবেল আরও বলেন, লাশের বিভৎস অবস্থা দেখে হয়তো চালক লাশ তার ভ্যানে তুলতে এবং চালিয়ে নিতে অপারগতা প্রকাশ করেছে।

গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, রবিবার সকালে ওই ব্যক্তির লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না দন্ত সম্পন্ন হয়েছে। রবিবার সকাল পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত হয়নি। তবে সড়ক দুর্ঘটনা জনিত কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে মর্মে একটি মামলা হয়েছে।