সিপ্লাস ডেস্ক: দিনাজপুরের ঘোড়াঘাটে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঘোড়াঘাট পৌরসভার বাগেরহাট বাজারের একটি চায়ের দোকান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ দুপুরে তাদেরকে ঘোড়াঘাট থানায় সোপর্দ করে র্যাব ১৩ এর গাইবান্ধা ইউনিট। র্যাব-১৩ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র এএসপি সিদ্দিক আহমদ এ তথ্য জানান।
আটককৃতরা হলেন- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বজরুক বোয়ালিয়া (মধ্যপাড়া) গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে নুর মোহাম্মদ ওরফে তোফায়েল আলম ওরফে শিমু (৩২), একই থানা ও জেলার ফুলহার গ্রামের আব্দুল গনি আকন্দের ছেলে বিপ্লব হোসেন (৩৩) এবং একই এলাকার মনসুর আলীর ছেলে মওলা মিয়া (৪০)।
র্যাব-১৩ এর মিডিয়া কর্মকর্তা সিদ্দিক আহমদ জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হওয়া জঙ্গিদের তথ্যর ওপর ভিত্তি করে বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌরসভার বাগেরহাট বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তারা একটি চায়ের দোকানে চা পান করছিল। তাদের কাছ থেকে বিপুল সংখ্যক উগ্রবাদী বই, লিফলেট, মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়। আটক তিন জন আল্লাহর দলের নেতা মতিন মেহেদী ওরফে মতিনুল ইসলাম ওরফে মাহবুব মতিন ওরফে মতিনুল হক মন্ডলের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন ধরে জঙ্গি সংগঠনটির কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সংগঠনটির গাইবান্ধা অঞ্চলের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
তিনি আরও জানান, তারা দীর্ঘদিন ধরে দলকে চাঁদা দিয়ে আসছে। ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে তাদের আদর্শের অনুকূলে নিয়ে আসার চেষ্টা করছে । তাদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে আল্লাহর দলের কার্যক্রম পরিচালনা করে আসছে।
ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান তাদেরকে কোর্টে চালান দেয়া হয়েছে। বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছেন।







