সিপ্লাস ডেস্ক: একবার করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসায় সুস্থ হয়ে ওঠলে মিলছে না রেহাই, দ্বিতীয় দফায় ফের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েই যায়।দক্ষিণ কোরিয়ায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসায় সুস্থ হওয়ার পর পুনরায় ৯১ রোগীর মধ্যে করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে।
এতদিন বিশেষজ্ঞরা বলেছেন, কোনও ভাইরাস শরীরে দ্বিতীয় বার বাসা বাঁধতে পারে না। কারণ, শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। যা দ্বিতীয়বার ওই ভাইরাসকে শরীরে ধারেকাছে ঘেঁষতে দেয় না। কিন্তু প্রাণঘাতি করোনা ভাইরাস প্রচলিত সব ধ্যানধারণা ভেঙে দিচ্ছে। বার বার এটি জেনম পরিবর্তন করে চিকিৎসা বিজ্ঞানকে পুরোপুরি বেকায়দায় ফেলে দিয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় পুনরায় আক্রান্ত হও ৯১ রোগীকে সুস্থ হওয়ার পর বাড়িতে পাঠানো হয়েছিল। কিন্তু কিছুদিনের মধ্যেই আবার সংক্রমণ দেখা দিয়েছে।
এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের এক বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, করোনাভাইরাস একই ব্যক্তিকে দ্বিতীয়বার আক্রমণ করতে পারে। করোনা আক্রান্ত ৯১ জন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পরেও যে পুনরায় আক্রান্ত হয়েছেন।
কোরিয়ান বিশেষজ্ঞদের দাবি, ওই ব্যক্তিরা বাইরে থেকে নতুন করে আর আক্রান্ত হননি। তাদের ভেতরে থাকা ভাইরাসটিই আবার রিঅ্যাক্টিভ হয়েছে। এই প্রবণতার পেছনে কী কারণ থাকতে পারে, তা এখনো পরিষ্কার নয়। বিষয়টি নিয়ে গবেষণা চলছে।
দক্ষিণ কোরিয়ায় মোট করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১০ হাজার ৪৫০ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ২০৮ জনের। চিকিৎসার পর সুস্থ হয়েছেন ৭ হাজার ১১৭। এদের মধ্যে থেকে ৯১ জন রোগীর দেহে পুনরায় ভাইরাসটি সংক্রমিত হয়েছে।








