সিপ্লাস ডেস্ক: আগে সীতাকুণ্ড ও মিরসরাই অঞ্চলে প্রায়ই বিভিন্ন ধরনের পণ্য বিশেষ করে পোশাক শিল্পের কাঁচামাল, রড ইত্যাদি পরিবহনের সময় চুরি-ডাকাতি হলেও বর্তমানে তা অনেক কমেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম।
নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সোমবার (২৪ মে) চট্টগ্রামের শিল্প পুলিশ-০৩ এর সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এসপি) মো. সোলাইমানের সঙ্গে মতবিনিময়কালে চেম্বার সভাপতি এ মন্তব্য করেন।
এ সময় শিল্প পুলিশের এএসপি মো. জসিম উদ্দিন, চেম্বারের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী (স্বপন) উপস্থিত ছিলেন।
মাহবুবুল আলম বলেন, চট্টগ্রাম হচ্ছে শিল্প ও বন্দরনগরী। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে দেশের অনেক মাঝারি-ছোট-বড়সহ বৃহৎ শিল্প কারখানা অবস্থিত। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ অঞ্চলের শিল্পায়ন দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এখানে উৎপাদিত পণ্যগুলো সড়কপথে দেশের বিভিন্ন অঞ্চলে পরিবাহিত হয়।
তিনি শিল্প পুলিশকে অধিকতর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং বৃহত্তর চট্টগ্রামের ব্যবসায়ীদের পণ্যের নিরাপত্তা এবং শিল্প-কারখানার শ্রমিকের শান্তি ও শৃঙ্খলার ওপর বিশেষ নজর দেওয়ার জন্য শিল্প পুলিশকে অনুরোধ জানান।
এসপি মো. সোলাইমান বলেন, চট্টগ্রাম হচ্ছে দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। এর মাধ্যমেই দেশের অর্থনীতির কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে।
তিনি এ অঞ্চলের ব্যবসায়ীদের উৎপাদিত পণ্যের নিরাপত্তা ও শ্রমিকদের সব ধরনের সমস্যা সমাধানে শিল্প পুলিশ ব্যাপক পরিসরে কাজ করছে মন্তব্য করেন এবং এক্ষেত্রে চেম্বারের সহযোগিতা কামনা করেন।








