নিউজটি শেয়ার করুন

চিরনিদ্রায় শায়িত স্যার ফজলে হাসান আবেদ

চিরনিদ্রায় শায়িত হয়েছেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ। রবিবার দুপুরে বনানী কবরস্থানে স্ত্রী আয়েশা আবেদের পাশে শায়িত হন তিনি।

এর আগে বেলা ১২ টা ৪৫ মিনিটে আর্মি স্টেডিয়ামে জানাজা হয় আবেদের। সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে। পরে লাশবাহী গাড়ি রওনা হয় বনানী কবরস্থানের দিকে।

এর আগে সকাল থেকে নানা শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ স্যার আবেদকে শ্রদ্ধা জানাতে  জড়ো হন ঢাকার আর্মি স্টেডিয়ামে।

রবিবার সকাল সাড়ে ১০টায় স্যার ফজলে হাসান আবেদের মরদেহ রাজধানীর আর্মি স্টেডিয়ামে আনা হয়। শুরুতেই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। রাষ্ট্রপতির পক্ষে মেজর আশিকুর রহমান এবং প্রধানমন্ত্রীর পক্ষে উপ সামরিক সচিব কর্নেল মো. সাইফুল্লাহ শ্রদ্ধা জানান।

এরপর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী স্যার আবেদকে শ্রদ্ধা জানান। পরে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা শ্রদ্ধা নিবেদন করেন।

পরে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী,  জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদসহ রাজনীতিবীদ, বুদ্ধিজীবি ও ব্যবসায়ীসহ নানা শ্রেণী-পেশার মানুষ শ্রদ্ধা জানান স্যার ফজলে হাসান আবেদকে।

শ্রদ্ধা নিবেদন শেষে আর্মি স্টেডিয়ামেই উনার নামাজে জানাজা সম্পন্ন হয়। জানাজায় অংশ নেন হাজার হাজার মানুষ।

উল্লেখ্য বাংলাদেশের উন্নয়নের পালাবদলের অন্যতম পথদ্রষ্টা স্যার ফজলে হাসান আবেদ ৮৩ বছর বয়সে গত শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি মস্তিষ্কে টিউমারে আক্রান্ত হয়ে ২৮ নভেম্বর থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।