নিউজটি শেয়ার করুন

চির নিদ্রায় শায়িত হলেন কাউন্সিলর বাবু

ctg news

কক্সবাজার ব্যুরো: চির নিদ্রায় শায়িত হলেন কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মোরশেদ আহমদ বাবু।

শনিবার ( ২৭ ফেব্রয়ারী) দুপুরে বাহারছড়া গোল চত্বর মাঠে নামাজে জানাযা শেষে বাহারছড়া কবর স্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশীদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, পৌরসভার মেয়র মুজিবুর রহমান, সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, কাউন্সিলর মাহবুবুর রহমান মাবু, হেলাল উদ্দীন কবির, বাবুর বড় ভাই জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কাজী মোস্তাক আহমদ শামীম।

এর আগে কাউন্সিলর কাজী মোরশেদ বাবুর মৃতদেহ এনে রাখা হয় কক্সবাজার পৌর কার্যালয়ে। যেখানে পৌর পরিষদ সহ বিভিন্ন সংগঠনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধিন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এই জনপ্রতিনিধি। (ইন্নালিল্লাহি…রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৩৯ বছর। মা, স্ত্রী, সন্তান, দুই ভাই দুই বোনসহ অসংখ্য আত্বীয় স্বজন এবং গুনাগ্রহী রেখে গেছেন তিনি।

এদিকে কক্সবাজার পৌরসভার কাউন্সিলর কাজী মোরশেদ আহমদ বাবু’র অকাল মৃত্যুতে তিনদিনের শোক কর্মসূচী ঘোষণা করেছে পৌর পরিষদ। এর মধ্যে রয়েছে শনিবার সকাল থেকে মেয়র, কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ সকলেই কালো ব্যাজ ধারণ। একইদিন সকাল থেকে পৌরসভা কার্যালয়সহ পুরো পৌর এলাকাজুড়ে কালো পতাকা উত্তোলন।

রোববার সকাল ১১টায় মরহুমের কবর জেয়ারত। সোমবার সারাদিন অফিস বন্ধ, ওইদিন আছরের নামাজের পর পৌরসভা মসজিদে খতমে কোরআন ও দোয়া মোনাজাত।