
সিপ্লাস ডেস্ক: চিলির উত্তরাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে বলে জিএফডেজ জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে।
মঙ্গলবারের এ শক্তিশালী ভূমিকম্পে উৎপত্তিস্থলের কাছাকাছি এলাকায় কিছু ক্ষয়ক্ষতির পাশাপাশি ছোটখাটো ভূমিধসের ঘটনা ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিএও নিউজ জানিয়েছে, ওই উপকূলের কাছে বসবাসরত বহু লোককে সরিয়ে নেওয়া হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মূল ভূমিকম্পের পর ৬ দশমিক ২ মাত্রা থেকে ৫ দশমিক ৫ মাত্রা পর্যন্ত বেশ কয়েকটি পরাঘাত হয়েছে বলে জিএফজেডের প্রতিবেদনে বলা হয়েছে।
ভূমিকম্পটি থেকে সুনামির কোনো হুমকি তৈরি হয়নি বলে জানিয়েছে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার।
জিএফজেড প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৭ ও এর উৎপত্তি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে বলে জানিয়েছিল।
চিলি প্যাসিফিক রিং অব ফায়ারের (প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা) ওপর অবস্থিত হওয়ার এখানে প্রায়ই ভূমিকম্প হয়।
জুনে চিলির খনি সমৃদ্ধ উত্তরাঞ্চলীয় মরুভূমিতে ৬ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছিল। ওই ভূমিকম্পেও ক্ষয়ক্ষতির পরিমাণ সীমিত ছিল এবং এতে তাদের কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি বলে রয়টার্সকে জানিয়েছিল ওই অঞ্চলের খনি কোম্পানিগুলো।
চিলির খনি স্থাপনা ও অন্যান্য অবকাঠামো বড় ধরনের ভূমিকম্প মোকাবেলার উপযোগী করে নির্মাণ করা হয় বলে জানিয়েছে রয়টার্স।







