নিউজটি শেয়ার করুন

চীনের বন্দরে ভারতীয় পণ্য খালাস হচ্ছে না

সিপ্লাস ডেস্ক: লাদাখ সীমান্তে চীন ভারত উত্তেজনা এখনও কমেনি। বরং সীমান্তে চীনের সেনা মোতায়েনের পর ভারতও সেনা উপস্থিতি বাড়িয়েছে। ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিস্রিকে চীনা সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সীমান্ত সংকট নিরসনের বিষয়ে আলোচনার জন্য বলেছে নয়াদিল্লি।

এদিকে, এ সংকটের কারণে চীনের বন্দরে ভারতীয় পণ্য খালাস হচ্ছে না বলে অভিযোগ করেছেন রপ্তানিকারকরা।

চীন-ভারত চলমান উত্তেজনার মধ্যেই লাদাখ সীমান্তে বেইজিং বিপুল সংখ্যক সেনা মোতায়েনের পর নয়াদিল্লিও সীমান্তে সেনাবহর মোতায়েন করেছে। শুক্রবার ভারতীয় সশস্ত্র বাহিনী সীমান্তের কাছাকাছি অবস্থান নেয়। এছাড়াও হেলিকপ্টার ও যুদ্ধ বিমানও দেখা যায়।

এর আগে লাদাখে চলমান উত্তেজনা নিরসনে গেলো বুধবার চীন ও ভারত একমত হলেও পরে স্যাটেলাইটের ছবিতে দেখা যায় গালওয়ানে ভারত সীমান্ত ঘেঁষে সামরিক কার্যক্রম বাড়িয়েছে চীনা সেনারা। চীনের এমন কর্মকাণ্ডে কড়া সমালোচনা করে ভারত। এখন ভারতও সীমান্তে সেনা উপস্থিতি বাড়ানোয় যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে।

এ অবস্থায় চীনে ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিস্রিকে দেশটির সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সীমান্ত সংকট নিরসনের বিষয়ে আলোচনার জন্য বলেছে নয়াদিল্লি। তবে আদৌ হবে কিনা এ বিষয়ে কিছু জানা যায়নি। এদিকে দুদিনের সীমান্ত সফর শেষে দিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর কাছে পরিস্থিতি ব্যাখ্যা করেছেন সেনাপ্রধান এম এম নরবণে।

ভারত চীন উত্তেজনার আচ লেগেছে বাণিজ্য খাতেও। ভারতের রপ্তানিকারকদের অভিযোগ চীনের বন্দরে তাদের পণ্য খালাস করা হচ্ছে না।