সিপ্লাস ডেস্ক: চীনের ঝেজিয়াং প্রদেশে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী একটি ট্যাঙ্কারে আগুন ধরে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে ওয়েনলিং শহরের একটি এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটেছে বলে চীনের ইংরেজি নিউজ চ্যানেল সিজিটিএন জানিয়েছে।
প্রথম বিস্ফোরণের ধাক্কায় ট্যাঙ্কারটি ছিটকে পাশের একটি ওয়ার্কশপে গিয়ে পড়ার পর দ্বিতীয় আরেকটি বিস্ফোরণ ঘটে।
রোববার সকালে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকারি কর্মকর্তারা জানান, শনিবারের ওই ঘটনায় এ পর্যন্ত ১৯ জনের মৃত্যু ও ১৭২ জন আহত হয়েছেন।
আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত কর্মকর্তা ও সাংবাদিকরা ট্যাঙ্কার দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।
তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং দুর্ঘটনার কারণ বের করতে তদন্ত শুরু করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এ ঘটনায় এখনও পর্যন্ত পরিবেশ দূষণের পরিষ্কার কোনো নজির পাওয়া যায়নি বলে জানিয়েছেন তারা।
রোববার ঝেজিয়াংয়ের প্রাদেশিক কাউন্সিলের কর্ম সুরক্ষা কমিটি এই ট্যাঙ্কার বিস্ফোরণ মামলা পরিচালনা ও এর তদারিক করবে বলে ঘোষণা দিয়েছে।
সরকারি এই কমিটি, উৎপাদনের সুরক্ষার সঙ্গে সম্পর্কিত দায়িত্বগুলো আরও জোরদার করার পাশাপাশি বিপজ্জনক পণ্যের পুরো পরিবহন চেইনের নিরাপত্তা তদারিক আরও শক্তিশালী করার জন্য সব পক্ষের প্রতি আহ্বানও জানিয়েছে।








