নিউজটি শেয়ার করুন

চীনে ফের ফিরেছে করোনা আতঙ্ক

সিপ্লাস ডেস্ক: চীনে ফের নতুন করে করোনা ভাইরাসের আতঙ্ক শুরু হয়েছে। দেশটির মূল ভূখণ্ডে একদিনেই প্রায় ১০০ জন এই ভাইরাসে আক্রান্ত হলো।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, শনিবার সে দেশে মাত্র ২৪ ঘণ্টায় মোট ৯৯ জনের দেহে এই ভাইরাসের অস্তিত্ব মিলেছে। সংখ্যার নিরিখে যা শুক্রবারের থেকে দ্বিগুণেরও বেশি।

দেশটির ন্যাশনাল হেলথ কমিশন (এএইচসি) জানিয়েছে, গত ৬ মার্চের পরে এই প্রথম চীনে একদিনে এত জন করোনায় সংক্রমিত হলো। চীনে এই মুহূর্তে করোনায় আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৫২ জন। বিশ্বের করোনা-আক্রান্তের নিরিখে আমেরিকা, স্পেন, ইতালি, ফ্রান্স এবং জার্মানির পরেই ছয় নম্বরে রয়েছে শি জিন-পিংয়ের দেশ।

এরআগে মহামারী করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান থেকে লকডাউন প্রত্যাহার করে নেয়া হয়েছে। দীর্ঘ ১১ সপ্তাহ পর মঙ্গলবার (৭ এপ্রিল) মধ্যরাতে শহরটির ওপর থেকে সব বিধিনিষেধ তুলে নেয়া হয়।

এ সময় শহরজুড়ে করা হয় আলোকসজ্জা। বুধবার সকাল থেকেই আবারো মানুষ নির্বিঘ্নে চলাচল শুরু করেছে শহরটিতে। একইসঙ্গে চীনের অন্যান্য প্রদেশ থেকে উহান শহর সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। চলছে সবধরনের যানবাহন।

এদিকে নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে প্রথমবারের মতো গত সোমবার কোনো মৃত্যু ছাড়াই একটি দিন পার করার কথা জানায় চীন। ওইদিন গোটা চীনে করোনা আক্রান্ত কেউ মারা যায়নি। তবে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। মূলত বিদেশফেরত ও উপসর্গবিহীন রোগী বাড়তে থাকায় ফের উদ্বেগ দেখা দিয়েছে দেশটিতে।

২০১৯ সালের ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হলে গত ২৩ জানুয়ারি পুরো শহরটি লকডাউন করে দেয়া হয়।