Site icon CPLUSBD.COM

চীন ও মিশরের পেঁয়াজ বেশি দামে বিক্রি করায় খাতুনগঞ্জের আড়তদারকে জরিমানা

মিশর ও চীন থেকে আমদানি করা পেঁয়াজ বেশি দামে বিক্রি করায় খাতুনগঞ্জের মাহিন এন্টারপ্রাইজ নামের এক আড়তদারকে (কমিশন এজেন্ট) ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

পেঁয়াজের বাজারমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসন চট্টগ্রাম ও বাণিজ্য মন্ত্রণালয় বুধবার চতুর্থ দিনের মতো  খাতুনগঞ্জে  অভিযান  চালায়।

বুধবার (৬ নভেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন।

তৌহিদুল আলম বলেন, অভিযানে গিয়ে দেখা যায়, মিশর থেকে ২৯ টাকা দরে এবং চীন থেকে ২৭ টাকা দরে আমদানি করা পেঁয়াজ ৭০-৮০ টাকা দরে বিক্রি করছিল খাতুনগঞ্জের কয়েকটি প্রতিষ্ঠান। কিন্তু এসব পেঁয়াজ পাইকারিতে ৫০ টাকায় বিক্রি করার কথা। কিন্তু মাহিন এন্টারপ্রাইজে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। একইসঙ্গে তারা কোনো আমদানির কাগজপত্র দেখাতে পারেনি। পেঁয়াজের বাজারকে তারা পেপারলেস করে ফেলতে চেয়েছে। এটি বন্ধে খাতুনগঞ্জের পেঁয়াজের ব্যবসায়ীরা বাণিজ্য মন্ত্রণালয়কে প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলেন, টেকনাফ ও কক্সবাজারে পেঁয়াজের বাজারে অভিযান অব্যাহত আছে। তাই মিয়ানমারের পেঁয়াজের দাম নিম্নমুখী। শিগগির এস আলম গ্রুপের আমদানি করা বড় চালানটিও দেশে ঢুকবে। আগামীকাল থেকে খুচরা বাজারেও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।