বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর বলেন, “জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এর ফলে সর্বত্র বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। সেটা শীতপ্রধান অঞ্চলের জন্য আশীর্বাদ অন্যদিকে আমাদের জন্য আতঙ্কের বিষয়। তবে আমরা চাই তাপমাত্রা একটি সহনীয় পর্যায়ে থাকুক। গত ৪০ বছর আগের সাথে তুলনা করলে দেখা যাবে বিশ্বব্যাপী অনেকক্ষেত্রেই বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। এবং আমরা সেই পরিবর্তনের সাথে মানিয়ে নিয়েছি। তেমনি জলবায়ু পরিবর্তন নিয়ে আতঙ্কিত না হয়ে আমাদের উচিত সেই পরিবর্তন মোকাবেলায় খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করা। কেননা জলবায়ু পরিবর্তনের প্রভাব সবসময় খারাপ হয় না। অনেক সময় সেটা ভালো কিছুও বয়ে আনতে পারে। সেজন্য আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর এ বিষয়ে গবেষণার প্রতি গুরুত্ব বাড়াতে হবে।
তিনি গত ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার), সকাল ১১ টায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পুরকৌশল বিভাগ এবং সেন্টার ফর এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ -এর উদ্যোগে দুইদিনব্যাপী “জলবায়ু পরিবর্তন : প্রভাব ও অভিযোজন” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের দেশের ইন্ডাস্টিগুলোতে এখনো বিদেশি নির্ভরতা কমছে না। এসব ইন্ডাস্টিতে কেন আমাদের গ্র্যাজুয়েটরা গুরুত্ব পাচ্ছেন না- সেটা খুঁজে বের করতে হবে। প্রয়োজনে আমাদের সেভাবেই কারিকুলাম সাজানো হবে। তবেই আমাদের গ্র্যাজুয়েটরা মানবসম্পদে পরিণত হবে।
বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল ভবনের সেমিনার কক্ষে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুদীপ কুমার পাল।
এতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. মোছাঃ ফারজানা রহমান জুথী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সেন্টারের গবেষণা প্রভাষক জনাব মো. আরিফ হোসেন। অনুষ্ঠানের শুরুতে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের বর্তমান চিত্র নিয়ে একটি ভিডিওচিত্র উপস্থাপন করা হয়।








