Site icon CPLUSBD.COM

চেম্বার সভাপতির সাথে জুয়েলার্স সমিতির আবছার-স্বপন পরিষদের মতবিনিময় সভা

জুয়েলার্স সমিতি
সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলমের সাথে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) চট্টগ্রাম শাখার আবছার-স্বপন পরিষদের মতবিনিময় সভা গত ৩ জুন নগরীর আগ্রাবাদস্থ চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এসময় নেতৃবৃন্দ ৫ম বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় চেম্বার সভাপতি নির্বাচিত হওয়ায় মাহবুবুল আলমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সভায় বাজুস নেতৃবৃন্দ সরকার কর্তৃক জুয়েলারি ব্যবসায়ীদের উপর আরোপিত ভ্যাট ৫ শতাংশ পরিবর্তন করে ১.৫ শতাংশ করা এবং ব্যাগেজ রুলে প্রতি ১০ তোলা বারে ২০ হাজার টাকার পরিবর্তে একটি ১০ তোলা বারে ১০ হাজার টাকা ট্যাক্স নির্ধারণ করা এবং ট্রেড লাইসেন্স ফি ও ডিলিং লাইসেন্স ফি কমানোর জন্য প্রধানমন্ত্রী, অথমন্ত্রী ও এনবিআর’র চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি ২০২১-২২ সালের বাজেটে সুনির্দিষ্ট ঘোষণা প্রদান করার দাবি জানান।
চেম্বার সভাপতি এ বিষয়ে প্রধানমন্ত্রীর পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে আলোচনার মাধ্যমে জুয়েলার্স ব্যবসায়ী ও স্বর্ণ কারিগর শিল্পীদের সমস্যা সমাধানে আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) চট্টগ্রাম শাখার সাবেক সভাপতি নুরুল আবছার চৌধুরী, সাবেক সহ-সভাপতি রপন কান্তি ধর, সাবেক সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র ধর ও স্বপন চৌধুরী, সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক সুজিত বরন ধর, সাবেক যুগ্ম সম্পাদক প্রদীপ দেব, সাবেক অর্থ সম্পাদক গোপীনাথ ধর, সাবেক প্রচার সম্পাদক নিরঞ্জন কর্মকার, ব্যবসায়ী নেতৃবৃন্দ শান্তনু বণিক, বিধু ধর, রুবেল দেব, অলক পোদ্দার, আশীষ চৌধুরী, প্রকাশ ধর, সজীব দাশ, সত্য ধর, সুকুমার ধর, কৃষ্ণ বণিক, সুব্রত বণিক, তপন কান্তি ধর প্রমুখ।