আনোয়ার হোসেন ফরিদ: ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে ফটিকছড়ির ১৪ ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। ১৪টিইউনিয়নের মধ্যে ১০টিতে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যানরা।
বাকী চারটির মধ্যে দুইটিতে দুই সাবেক চেয়ারম্যান ও গতবারের দুই পরাজিত প্রার্থী নৌকার টিকেট পেয়েছেন।
এবারের নির্বাচনে বঞ্চিত ও ত্যাগীদের মনোনয়ন দেওয়ার কথা শোনা গেলেও শেষতক পুরানোরাই থেকে গেল বেশির ভাগ ইউনিয়নে। দলীয় মনোনয়ন না পাওয়ায় চার ইউনিয়নে চার জনের নাম বেশ আলোচিত হচ্ছে।
তারা হলেন, ধর্মপুরের বর্তমান চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, লেলাং ইউনিয়নের সাবেক চেয়াম্যান কুতুব উদ্দিন মুহুরী, সুন্দরপুর থেকে নৌকা প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল বশর চৌধুরী দুদু ও দাঁতমারা ইউনিয়নের নুরুল আলম।
এক্ষেত্রে উল্লেখিত চারজনের মধ্যে কাইয়ুম, কুতুব, আলম মনোনয়ন বঞ্চিত হওয়ার পেছনে নানা সমীকরণ থাকলেও একাধিকবার মনোনয়ন প্রত্যাশী সুন্দরপুরের দুদু চৌধুরীর ছিটকে পড়াটা দুঃখজনক বলছেন দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।
এ বিষয়ে দুদু চৌধুরীর সাথে সমসাময়িক রাজনীতি করে জনপ্রতিনিধি হওয়া এমন বেশ কয়েকজনের সাথে কথা হলে তাঁরা বলেন, দুদু চৌধুরী একজন মাঠের রাজনীতিবিদ। দলের জন্য তাঁর ত্যাগ অপরিসীম। দলের দুঃসময়ে তিনি একনিষ্ঠ ভাবে কাজ করে গেছেন। তাঁর মত একজন পোঁড় খাওয়া নেতা বার বার মনোনয়ন চেয়ে না পাওয়াটা খ্বুই দুঃখজনক।
তাঁরা আরো বলেন, দলের ত্যাগী নেতারা এখন মূল্যায়িত না হলে আর কখন হবে।

