সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে দুই চোর ও চোরাই পণ্য ক্রয়ের সাথে জড়িত থাকার অভিযোগে একজন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মো. শরিফ (৩৮), মো. আব্দুল জলিল (৩০) নামের দুই চোর ও স্বর্ণ ব্যবসায়ী প্রনব ধর (৬৫)। এসময় তাদের কাছ থেকে ১টি সেলাই রেঞ্জ, ১টি ছেনী, ১টি ট্রাভেল ব্যাগ উদ্ধার ও ১টি রিকশা জব্দ করা হয়।
গতকাল ৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নগরীর ফিরিঙ্গীবাজার জেএমসেন স্কুলের সামনে থেকে দুই চোরকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে চোরাই কাজে সহায়তাকারী স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গত ১৯ মার্চ, ৩ এপ্রিল এবং ১৩ মে কোতোয়ালী থানা এলাকায় পৃথক তিনটি চুরির ঘটনা ঘটে (মামলা নং-৩৬,১৪ ও ৫৫)। পরে তদন্তে নামেন পুলিশের একটি টিম। সিসিটিভির ফুটেজের সাথে চেহেরার মিল পাওয়ায় ফিরিঙ্গিবাজার এলাকায় অভিযান চালিয়ে গতকাল দুপুরে শরিফ ও আব্দুল জলিলকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তি মতে স্বর্ণ ব্যবসায়ী প্রনব ধরকে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, শরিফ ও আব্দুল জলিলের চোরাইকৃত স্বর্ণ প্রনব ধর কম দামে ক্রয় করতেন। স্বর্ণের বর্তমান বাজার মূল্য যেখানে ভরিতে ৭২ হাজার টাকা সেখানে প্রনব ধর দিতেন ৩৫ হাজার টাকা করে। এজন্য প্রায় নানা কাজে সে তাদেরকে অগ্রিম টাকা দিতেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) নেজাম উদ্দিন বলেন, শরিফ ও আব্দুল জলিল নগরীর প্রায় ৭০০টি চুরি ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করেছে। শরিফ বিরুদ্ধে চকবাজার ও খুলশিতে ৫টি চুরির মামলা রয়েছে। আব্দুল জলিলও ইতোপূর্বে চকবাজার থানায় দুইবার গ্রেফতার হয়েছেন। জামিনে বের হয়ে আবারও চুরি পেশায় ফিরে যান তারা।








