নিউজটি শেয়ার করুন

ছাগলনাইয়ায় আজিজিয়া মাদ্রাসা জামে মসজিদে তাবলীগ প্রবেশ নিষিদ্ধ

ছাগলনাইয়ায় আজিজিয়া মাদ্রাসা জামে মসজিদে তাবলীগ প্রবেশ নিষিদ্ধ

ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া আজিজিয়া মাদ্রাসা জামে মসজিদে তাবলীগ জামাতের প্রবেশ ও সকল প্রকার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেন ছাগলনাইয়া আজিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. রুহুল আমিন।

তিনি জানান, ১৫ সেপ্টেম্বর সকালে তাবলীগ (সাদ গ্রুপ) এর একটি জামায়াত আসে ছাগলনাইয়া আজিজিয়া মাদ্রাসা জামে মসজিদে। ১৬ সেপ্টেম্বর সকাল ৭টা থেকে তাবলীগ জামায়াতের গ্রুপটিকে মসজিদের ভিতর চারদিক থেকে ঘেরাও করে রাখে মাদ্রাসার উত্তেজিত একদল ছাত্র। ফলে সংঘর্ষ এড়াতে শিক্ষকদের জরুরী বৈঠক ডেকে ছাগলনাইয়া আজিজিয়া মাদ্রাসা জামে মসজিদে তাবলীগ জামাতের উভয় গ্রুপের (সাদ গ্রুপ ও হেফাজত গ্রুপ) প্রবেশ ও সকল ধরনের কাজ কর্ম নিষিদ্ধ ঘোষনা করার সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে তাবলীগ জামাতের (সাদ গ্রুপ) মুরুব্বী একরামুল হক চৌধুরী, আবু তাহের মজুমদার ও নাদিম বলেন, ১২ সদস্যের একটি জামাত ছাগলনাইয়া আজিজিয়া মাদ্রাসা জামে মসজিদে এসে শান্তিপূর্নভাবে তাদের দাওয়াতী কাজ করছিল। ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৭টা থেকে আজিজিয়া মাদ্রাসার ৩০/৪০জন উত্তেজিত ছাত্র মাদ্রাসা গেইটে তালা লাগিয়ে দিয়ে তাদেরকে মসজিদের ভিতরে ঘেরাও করে রাখে এবং নানা ধরনের কুরুচিপূর্ণ গালমন্দ করে লাঞ্চিত করে। একপর্যায়ে মসজিদে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দেয় উত্তেজিত ওই ছাত্ররা। এসময় ছাত্ররা তাবলীগ জামায়াতের লোকদেরকে লক্ষ করে বলে এটি এই মহল্লার মসজিদ নয় এটি আমাদের মসজিদ। এখানে আমরা যা চাইব তা হবে। তোমরা দ্রুত এই মসজিদ ছেড়ে চলে যাও।

মাদ্রাসার মুহতামিম আমাদেরকে তার অফিসে ডেকে নিয়ে জানান, ছাগলনাইয়া আজিজিয়া মাদ্রাসা জামে মসজিদে তাবলীগ জামাতের উভয় গ্রুপের (সাদ গ্রুপ ও হেফাজত গ্রুপ) সকল প্রকার কার্যক্রম নিষিদ্ধ ঘোষনা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষের ফোন পেয়ে বিশৃংখলা এড়াতে নিয়মিত টহলে থাকা পুলিশ পাঠানো হয়েছে ঘটনাস্থলে।

এসআই মো. সেলিম বলেন, ছাগলনাইয়া আজিজিয়া মাদ্রাসা জামে মসজিদে তাবলীগ জামাতের একটি দল ও মাদ্রাসা ছাত্ররা মুখোমুখি অবস্থানে ছিল। ওসি সাহেবের নির্দেশে আমরা সেখানে গিয়েছি পরিস্থিতি স্বাভাবিক রাখতে।

ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফা বলেন, মসজিদ আল্লাহর ঘর। বিভিন্ন মসজিদে অবস্থান নিয়ে তাবলীগ জামাত শান্তিপূর্ণভাবে দাওয়াতী কাজ করছে বিশ্বব্যাপী। মসজিদে যদি তাদেরকে নিষিদ্ধ করা হয় তাহলে তারা যাবে কোথায়? মাদ্রাসা কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত নেয়া উচিত হয়নি।

এদিকে ছাগলনাইয়া আজিজিয়া মাদ্রাসা জামে মসজিদ থেকে তাবলীগ এর একটি জামাতকে বের করে দেয়ায় এবং মাদ্রাসা কর্তৃপক্ষ ওই মসজিদে তাবলীগ জামায়াতের উভয় গ্রুপের (সাদ গ্রুপ ও হেফাজত গ্রুপ) সকল প্রকার কার্যক্রম নিষিদ্ধ ঘোষনা করার সিদ্ধান্ত নেয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here