জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এতে দুইজন আহত হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খালেদা জিয়ার মুক্তির দাবিতে ক্যাম্পাসে মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের শান্ত চত্বর হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে পৌঁছালে ছাত্রলীগের কর্মীরা তাদের ধাওয়া করে।
এসময় মূল ফটকের সামনে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী পড়ে গেলে তাদের এলোপাথাড়ি মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা আব্দুর রশিদসহ অন্তত দুইজন আহত হয়।
ছাত্রদলের নেতাকর্মীদের ওপর চালানো এই হামলায় বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের সমাজবিজ্ঞান বিভাগের সাদিক, ম্যানেজমেন্ট বিভাগের আল সাদিত জিয়ন ও ১২তম ব্যাচের ইমলামের ইতিহাস বিভাগের মাহিন খান নেতৃত্ব দেন।
আহত ছাত্রদল নেতা আব্দুর রশিদ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৩য় ব্যাচের (২০০৭-৮ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। তার বাড়ি বাড়ি নওগাঁয়।
তবে ছাত্রলীগ কর্মীদের দাবি, আব্দুর রশিদ বহিরাগত, বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়। তার কাছে বিশ্ববিদ্যালয়ের কোনো পরিচয় পত্র পাওয়া যায়নি। সে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য এসেছে।
এ বিষয়ে সহকারী প্রক্টর কাজী নূর হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞেসাবাদ শেষে ছাত্রদল নেতাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। পুলিশ তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে। এছাড়া এখন যেহতু তার সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নেই, সেহেতু বিশ্ববিদ্যালয় প্রসাশনিক কোনো ব্যবস্থা গ্রহণ করবে কিনা তা প্রক্টরিয়াল বডি আলোচনা করে সিদ্ধান্ত নিবে।

