বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা প্রতিষ্ঠার চার দশক পূর্তিতে চট্টগ্রাম উত্তর জেলার উদ্যাগে বিশাল ছাত্র সমাবেশ ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২১ জানুয়ারী বিকাল ৩টায় হাটহাজারী অদুদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার মাঠে এই ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উত্তর জেলা ছাত্রসেনার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মফিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট’র চেয়ারম্যান আল্লামা এম.এ মান্নান।
উদ্বোধক ছিলেন ইসলামী ফ্রন্ট’র প্রেসিডিয়াম সদস্য পীরে তরিক্বত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মা.জি.আ.)।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট’র প্রেসিডিয়াম সদস্য শায়খুল হাদিস আল্লামা কাযী মঈনুদ্দিন আশরাফী, এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা মুহাম্মদ ওবাইদুল মোস্তফা কদমরসুলী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হোসেন হায়দরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, চট্টগ্রাম উত্তর জেলা যুবসেনার সভাপতি মাস্টার মুহাম্মদ ইসমাইল, সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর হোসাইন, সৈয়দ মুহাম্মদ হাসান আযহারি।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ইমরান হোসাইন তুষার। ছাত্র সমাবেশে প্রধান অতিথি আল্লামা এম.এ মান্নান বলেন, ছাত্র রাজনীতির মূল লক্ষ্য হতে হবে ছাত্র সমাজের স্বার্থে নানা পদক্ষেপ নেয়ার মাধ্যমে অনুকুল ইতিবাচক ছাত্র রাজনীতিতে শামিল হওয়া। যা বিদ্যমান ছাত্র রাজনীতিতে দেখা যায় না। আর এক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। চার দশক ধরে ছাত্রসেনা আদর্শিক পথে ছাত্র সমাজকে আদর্শিকভাবে উজ্জ্বীবিত ও উদ্দীপ্ত করে আসছে। লক্ষ্যভ্রষ্ট ঘুণে ধরা ছাত্র রাজনীতিকে সঠিক পথে ফেরাতে আদর্শিক ছাত্রবান্ধব রাজনীতিকে বিকশিত করার আহ্বান জানান তিনি।
উদ্বোধক আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা বলেন, ছাত্র রাজনীতিতে ছাত্র সমাজের সমস্যাকে প্রাধান্য দিতে হবে। টেন্ডারবাজি, ক্যাম্পাস দখল ও হানাহানির ছাত্র রাজনীতির অবসান দেখতে চায় ছাত্র সমাজ।
তিনি আরো বলেন, সুন্নিয়ত প্রচারে এবং ছাত্র সমাজকে আদর্শিকভাবে ধরে রাখতে ইতিবাচক ছাত্র রাজনীতির উদাহরণ ছাত্রসেনা। তাই ছাত্র সমাজকে ছাত্রসেনার প্লাটফরমে আসার তাগিদ দেন। প্রধান বক্তা ইমরান হোসাইন তুষার বলেন, ছাত্রসেনা চার দশক ধরে আদর্শিক ছাত্র রাজনীতিতে সক্রিয় বলেই আজ ছাত্র সমাজ এ প্লাটফরমে আসতে পারছে। এ সংগঠনের মধ্যে কলংকের কোনো দাগ নেই। তাই, ছাত্র সমাজের ঠিকানা হয়ে উঠেছে ছাত্রসেনা।
সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র্যালী হাটহাজারীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী মুহাম্মদ আজিজুল হক শেরে বাংলা (রহ.) মাজার প্রাঙ্গণে এসে মুনাজাতের মাধ্যমে সমাপ্তি করা হয়।








