নিউজটি শেয়ার করুন

ছাড়া পেয়েছে জার্মানির বন্দরে আটকা পড়া সেই জাহাজটি

সিপ্লাস প্রতিবেদক: ত্রুটি পাওয়ায় জার্মানির ব্রেমেন বন্দরে আটকে থাকা বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি পাঁচ দিন পর ছাড়া পেয়েছে।

বাংলাদেশ সময় শুক্রবার রাতে জাহাজটি ব্রেমেন বন্দর ত্যাগ করেছে বলে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর সুমন মাহমুদ শনিবার জানিয়েছেন।

২৭ ত্রুটি পাওয়ার পর গত ২৩ অগাস্ট ব্রেমেন বন্দরে আটকা পড়ে বিএসসির জাহাজ এমটি বাংলার অগ্রদূত।

এ ঘটনার পর বাংলাদেশের জাহাজ নিবন্ধনকারী কর্তৃপক্ষ ‘মার্কেন্টাইল মেরিন অফিস’র পক্ষ থেকে উদ্বেগ দেখিয়ে পৃথক আদেশ দিয়ে বিদেশগামী জাহাজগুলোকে নিয়ম মেনে চলতে বলা হয়।

জাহাজটি ৩৯ হাজার মেট্রিক টন তেল পরিবহনে সক্ষম। বর্তমানে বাংলার অগ্রদূত সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠানের জন্য ভাড়ায় খাটলেও সামগ্রিক তত্ত্বাবধান করে থাকে বিএসসি।

বিএসসি কর্মকর্তারা জানান, ২০১৮ সালে নির্মিত জাহাজটি পরের বছরে বাংলাদেশে নিবন্ধিত হয়। এতে কর্মরত নাবিকরা সকলেই বাংলাদেশের নাগরিক।

ব্রেমেন বন্দরে বাংলাদেশি জাহাজে ত্রুটি পাওয়ার পর মার্কেন্টাইল মেরিন অফিসের পক্ষ থেকে একটি অফিস অর্ডার জারি করা হয়। জার্মানির পোর্ট স্টেট কন্ট্রোল (পিএসসি) এসব ত্রুটি চিহ্নিত করে।

সংস্থাটির প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন গিয়াস উদ্দিন আহমেদ স্বাক্ষরিত আদেশে বিএসসির জাহাজটির নাম সরাসরি উল্লেখ না করে বলা হয়েছে, এর বেশিরভাগ ত্রুটিই ব্যবস্থাপনা ও পরিচালনা সম্পর্কিত। এ ধরনের ঘটনার কারণে যাতে বাংলাদেশি জাহাজ কালো তালিকাভুক্ত না হয়, এজন্য অন্যান্য জাহাজ পরিচালনাকারী সংস্থাকে সতর্ক থাকতে বলা হয়।

শনিবার ক্যাপ্টেন গিয়াস উদ্দিন বলেন, “জাহাজে যেসব ত্রুটি ছিল সেগুলো সেগুলো ঠিক করার পর জার্মান বন্দর ত্যাগের অনুমতি দেয়া হয়েছে।”

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর সুমন মাহমুদ জাহাজটির আটকের বিষয়টি সরাসরি স্বীকার না করলেও ত্রুটি থাকার বিষয়টি বলেছিলেন।

তবে এসব ত্রুটি তেমন জটিল কিছু নয় উল্লেখ করে তিনি বলেন, “এরকম অনেক জাহাজে সমস্যা পাওয়া যেতে পারে। সবকিছুই ঠিক আছে। জাহাজটির নির্মাণ সংক্রান্ত কোনো ত্রুটি নেই। বিএসসি পুরোপুরিভাবে আর্ন্তজাতিক মান বজায় রেখে জাহাজ পরিচালনা করে থাকে।”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here