Site icon CPLUSBD.COM

ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় ছাত্রলীগের স্থানীয় অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাতে আশরাফ উদ্দীন (১৯) নামে এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৭ টার দিকে উপজেলার জয়কালী বাজারে মা কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তার মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে আশরাফকে খুন করা হয়েছে। রাতে জয়কালী বাজারে মা কমিউনিটি সেন্টারের সামনে আশরাফকে কৌশলে ডেকে এনে কয়েকজন মিলে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে তাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ-ছাত্র বিষয়ক সম্পাদক নয়ন সরকারের বিরুদ্ধে আশরাফকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এদিকে নিহত আশরাফ দক্ষিণ জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী। তারা দুজন দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহেরের অনুসারী বলে জানা গেছে।

নিহত আশরাফ উদ্দীন নোয়াখালী জেলার মাইজদী এলাকার মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে।

আশরাফ তার পরিবারের সঙ্গে আনোয়ারা সদর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি চট্টগ্রাম নগরীর দিলোয়ারা জাহান কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় কয়েকজন ছাত্রলীগ কর্মীর সাথে কথা বলে জানা যায়, নিহত আশরাফ ও দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ-ছাত্র বিষয়ক সম্পাদক নয়ন সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছে। সে সুত্রে নয়ন সরকার ও তার সাঙ্গপাঙ্গ মিলে ঘর থেকে ডেকে এনে আশরাফকে ছুরিকাঘাত করে খুন করে।

উপজেলা ছাত্রলীগকর্মীরা আরও জানায়, নয়ন সরকার দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটিতে পদ পেয়ে এলাকায় অপকর্ম চালিয়ে আসছে। তার পিছনে রয়েছে ছাত্রলীগের বড় নেতাদের সহযোগিতা। আজ অপ-রাজনীতির কারণে ছাত্ররাজনীতির দুর্নাম হচ্ছে। আশরাফ হত্যার বিচার চেয়ে বিক্ষোভ করছে তার সহপাঠী ও রাজনৈতিক সহকর্মীরা।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, ঘটনার বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।