নিউজটি শেয়ার করুন

ছোটভাইকে মারধরের প্রতিশোধ নিতে হামলাকারীকে খুন করলো বড়ভাই

সিপ্লাস প্রতিবেদক: ছোট ভাইকে মারধরের প্রতিশোধ নিতে হামলাকারীকে খুন করেছেন বড় ভাই।

বুধবার নগরীর আকবর শাহ থানার বিজয় নগর পাহাড় এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে।

খুনের অভিযোগে শহীদুল ইসলাম (২৮) নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত যুবকের নাম মো. রনি ওরফে মাল্লু (২৮)। তার বাসা আকবর শাহ থানার জিয়া নগর পাহাড়ে।

স্থানীয়রা জানায়, শহীদুল ও রনি উভয়েরই বাসা আকবর শাহ থানার পাহাড়ি এলাকায়। রনির বাসা জিয়া নগর পাহাড়ে, আর শহীদুলের বাসা বিজয়নগর পাহাড়ে। শহীদুলের ভাই মঙ্গলবার অন্য একটি পাহাড়ে বেড়াতে গেলে তাকে মারধর করেন রনি। এর জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে।

তারা জানায়, দুপুরে রনি বিজয় নগর এলাকায় আসেন। সেখানে শহীদুল তার ভাইকে মারধরের বিষয়টি জানতে চান রনির কাছে। এ নিয়ে দুই জনের কথা কাটাকাটির এক পর্যায়ে শহীদুল ছুরিকাঘাত করেন রনিকে।

আকবর শাহ থানার ওসি জহির হোসেন  বলেন, “দুই জনের মারামারির মধ্যে শহীদুল ছুরিকাঘাত করে রনিকে। এতে সে মারা গেছে।

“হত্যাকাণ্ডের পরপরই বিজয়নগর এলাকা থেকে শহীদুলকে গ্রেপ্তার করে ছুরি উদ্ধার করা হয়।”

এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি জহির।