সিপ্লাস ডেস্ক: অস্ত্রের মুখে চার পুলিশ কর্মকর্তার পিস্তুল কেড়ে নিয়ে জার্মানির ব্ল্যাক ফরেস্টে লুকিয়ে পড়েছিলেন এক ব্যক্তি। পাঁচ দিন পুরো বন তন্নতন্ন করে তাকে খুঁজে বের করেছে পুলিশ।
আড়াই হাজারের বেশি পুলিশ কয়েকটি হেলিকপ্টার, থার্মাল ডিটেক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর নিয়ে পাঁচদিন ধরে রীতিমত দক্ষযজ্ঞ চালিয়ে ইভস রাউস নামে ৩১ বছরের ওই ব্যক্তিকে খুঁজে বের করে।
চারটি পিস্তল এবং একটি কুঠার নিয়ে একটি ঝোপের ভেতর তিনি লুকিয়ে ছিলেন বলে সাংবাদিকদের জানায় পুলিশ।
আটকের সময় পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তিতে রাউস কিছুটা আহত হয়েছেন। এক পুলিশ কর্মকর্তাও আহত হন। তবে তাদের কারো আঘাতই গুরুতর নয়। রাউসকে খুঁজে বের করতে ডাক বিভাগের এক কর্মী সাহায্য করেছেন।
দক্ষিণ-পশ্চিম জার্মানির ছোট্ট শহর অপেনাউ এ কাছে জঙ্গলের ভেতর একটি কুঁড়ে ঘরের চারপাশে এক ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে- গত রোববার এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
প্রথমে পুলিশের সঙ্গে সহযোগিতা করলেও হঠাৎ করেই রাউস একটি পিস্তল বের করে এবং চার পুলিশ কর্মকর্তার অস্ত্র কেড়ে নিয়ে জঙ্গলে পালিয়ে যায়।
রাউস দীর্ঘদিন ধরে অপেনাউ শহরে বাস করছেন এবং শহরের কাছে ব্ল্যাক ফরেস্টের ওই অংশটি তিনি খুব ভালো করে চেনেন।
প্রায় ১০ বছর আগে রাউস যখন কিশোর তখন তীর ছুড়ে এক নারীকে আহত করার অপরাধে তিন বছর কিশোর সংশোধনাগারে ছিলেন।








