Site icon CPLUSBD.COM

জনগণকে ঐক্যবদ্ধভাবে দুর্যোগ মোকাবেলার আহ্বান ২০ দলীয় জোটের

বুধবার ২০ দলীয় জোটের সমন্বয়কারী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এক বিবৃতিতে এই আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, করোনার প্রভাব ও বিস্তৃতি সম্পর্কে প্রকৃত তথ্য প্রকাশে এবং এই মহা দুর্যোগ মোকাবেলায় সরকারের মন্ত্রী ও কর্মকর্তাদের বক্তব্য ও বাস্তবতার পার্থক্যে জনগণ ক্ষুদ্ধ এবং এই মহামারি প্রতিরোধে যথাসময়ে যথাযোগ্য প্রস্তুতি গ্রহণে সরকারি উদ্যোগের অভাবে বিপন্ন। এই পরিস্থিতিতে ২০ দলীয় জোট সারাদেশে জোটভুক্ত সকল দলের নেতাকর্মীদের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলা হয়, জনগণকে স্বাস্থ্য সচেতন করা, রোগ প্রতিরোধে সক্ষম হতে সাহায্য করা এবং দরিদ্র জনগণকে খাদ্য, চিকিৎসা সহায়তা প্রদানের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি দেশবাসীকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং দেশের স্বাস্থ্য বিভাগের পরামর্শ মানা এবং পরম করুণাময় আল্লাহর রহমত কামনার জন্যও ২০ দল সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।