নিউজটি শেয়ার করুন

‘জনগণ কীসের আশায় বিএনপিকে ভোট দেবে’

সিপ্লাস ডেস্ক: জনগণ কীসের আশায়, কোন ভরসায় বিএনপি নেতাদের ভোট দেবে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী।

সোমবার (৪ অক্টোবর) বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন। আর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সম্মেলনে যোগ দেন সাংবাদিকরা।

এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির এক নেতা (চেয়ারপারসন খালেদা জিয়া) এতিমের অর্থ আত্মসাৎকারী। আরেক নেতা (ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান) ২১ আগস্ট গ্রেনেড হামলা, ১০ ট্রাক অস্ত্র মামলাসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত। এরপরও জনগণ কীসের আশায়, কোন ভরসায় তাদের ভোট দেবে?

সরকারপ্রধান বলেন, আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। মোবাইল দিয়েছি। ইন্টারনেট দিয়েছি। আমরা এগিয়ে যাচ্ছিলাম। করোনার কারণে কিছুটা থমকে গেছি। তবে থেমে যাইনি। জরুরি সবকিছু যতটা সম্ভব চালু রাখার ব্যবস্থা করেছি। এরপরও কেন অন্যদের ভোট দেবে?

‘আপনারা জাতির পিতার শাসনামল, আমার শাসনামল এবং বিএনপিসহ অন্যদের শাসনামলের তুলনা করেন। তাহলেই তো প্রশ্নের জবাব পেয়ে যাবেন’—বলেন প্রধানমন্ত্রী।

এর আগে লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী তার সফর নিয়ে বিস্তারিত তুলে ধরেন। এ সময় তিনি তার অর্জিত ‘এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড’ দেশের জনগণকে উৎসর্গ করার কথা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here