সিপ্লাস প্রতিবেদক: বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রামে উদ্যোগে আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, ২০১৯-২০২০ অর্থবছরে প্রবাসীদের কাছ থেকে বাংলাদেশ ১ লক্ষ ৮৫ হাজার কোটি টাকার রেমিটেন্স আয় করেছে।
বৃহস্পতিবার সকালে নগরীর নাসিরাবাদ বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বর্তমানে প্রবাসে থাকা বাংলাদেশীদের মধ্যে বেশিরভাগই অদক্ষ। অথচ শ্রীলংকা, ভারত, ভিয়েতনামের মতো দেশের দক্ষ শ্রমিকরা আমাদের দেশের শ্রমিকদের চেয়ে ৪-৫গুণ বেশি মজুরি পাচ্ছে।
দক্ষ জনশক্তি রপ্তানি করা গেলে বাংলাদেশী শ্রমিকদের বেতনও একইভাবে বেড়ে যাবে। আর দক্ষ জনশ্রক্তি রপ্তানি সম্ভব হলে প্রবাসীদের আয় চারগুণ বেড়ে যাবে। বর্তমানে রেমিটেন্স আয়ে তৈরি পোষাক খাত এক নম্বরে থাকলেও তখন প্রবাসীদের আয় এক নম্বরে পৌঁছে যাবে।
এজন্য সরকার দক্ষ জনশক্তি তৈরি ও রপ্তানিতে জোর দিচ্ছে। বিদেশে যেতে ইচ্ছুক শ্রমিকদের দক্ষ করে গড়ে তোলার ক্ষেত্রে চট্টগ্রামের বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধিনস্থ প্রতিষ্ঠান জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক ড. প্রকৌশলী মো. সাকাওয়াৎ আলীর সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আ.স.ম. জামশেদ খোন্দকার।
স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নওরীন সুলতানা। এতে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র এএসপি আকলিমা আকতার, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, চসিক কাউন্সিলর মোরশেদ আলম প্রমুখ।








