নিউজটি শেয়ার করুন

“আপনার সুস্থতাই আমাদের কাম্য” স্লোগানে কক্সবাজারে দ্বিতীয় দিনের মতো মাঠে সেনাবাহিনী

করোনা ভাইরাসজনিত পরিস্থিতি নিয়ন্ত্রণে কক্সবাজারে স্থানীয় প্রশাসনের সাথে সহযোগীতায় “আপনার সুস্থতাই আমাদের কাম্য” স্লোগানে দ্বিতীয় দিনের মতো মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার ( ২৬ মার্চ) সকালে রামু সেনানিবাস ১৪ বীরের টুআইসি মেজর আরিফ এবং জেলা প্রশাসনের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: মোস্তফা জাবেদ কায়সারের যৌথ নেতৃত্বে সেনাবাহিনীর তিনটি ও পুলিশের দু’টি টিম শহরের প্রধান সড়কসহ প্রতিটি এলাকাতে টহল জোরদার করেছে।

এসময় সেনাসদস্যরা মাইকিং করে সচেতনতা বৃদ্ধি ও বাহিরে অবস্থানরত লোকদের ঘরে ফিরে যাওয়ার জন্য তাগিদ দেন। এ ছাড়া রাস্তাঘাটসহ যে কোনো জায়গায় বেশি লোকজন যেন সমবেত হতে না পারে, সবাই যেন নির্দিষ্ট সামাজিক দূরত্ব মেনে চলাফেরা করে এবং যথাযথভাবে সরকারী নির্দেশনাসমূহ মেনে চলে সেনাবাহিনী এই বিষয়গুলো নিশ্চিতের কাজে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করছে।সীমিত করা হয়েছে অপ্রয়োজনীয়ভাবে সাধারণ মানুষের চলাচল। সেনাবাহিনী মাঠে নামার পর থেকেই সাধারণ মানুষের বাহিরে আসার প্রবণতা কমে এসেছে। রাস্তাঘাটে খুব কম সংখ্যক মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে। অনেক এলাকা প্রায় জনমানবশূন্য।

জেলার রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে পড়েছে।

বিরতির সময় জেলা প্রশাসনের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: মোস্তফা জাবেদ কায়সার সাংবাদিকদের বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন ও সেনাবাহিনী একসাথে মাঠে কাজ করছি। মানুষ যাতে খাদ্য, চিকিৎসা বা প্রয়োজনীয় ওষুধের কারণ ছাড়া অপ্রয়োজনীয় ঘর থেকে বের হয়ে ঘুরাফেরা না করে তার জন্য আমরা সতর্ক করছি। আমরা চাই মানুষ সতর্ক থাকুক, সুস্থ থাকুক।