সিপ্লাস ডেস্ক: ১০ মে থেকে সীমিত পরিসরে দেশের দোকানপাট ও শপিংমল খোলার ঘোষণা থাকলেও করোনাভাইরাসের বিস্তার রোধে খুলবে না উপমহাদেশের সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্ক। মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
শপিংমল কর্তৃপক্ষ জানায়, ঈদ বাজারে শপিংমলে ভিড়ে ব্যাপকভাবে করোনাভাইরাস সংক্রমিত হতে পারে। এই আশঙ্কা থেকেই ঈদকে ঘিরে শপিংমল না খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তারা আরও জানায়, মানুষের জীবনের নিরাপত্তা সবার আগে। সবদিক বিবেচনা করে মার্কেটের দোকান মালিকদের সাথে আলোচনা করে মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যমুনা গ্রুপ সবসময় মানুষের কল্যাণে কাজ করে। করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই নানাভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে যমুনা গ্রুপ।
এর আগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ কোটি টাকা অনুদান দিয়েছে যমুনা গ্রুপ। এছাড়া সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীকে কয়েক ধাপে সুরক্ষা সরঞ্জাম দেয় যমুনা গ্রুপ।








