আনোয়ারা প্রতিনিধি: জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সুষ্ঠু ও সুচারুরুপে সম্পাদন করায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা খেতাব পেলো আনোয়ারা।
একই সাথে দেশের শ্রেষ্ঠ ইউনিয়নের খেতাবও পেলো জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদ।
এতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সেরা দক্ষতার জন্য শ্রেষ্ঠ উপজেলা স্বীকৃতিস্বরুপ সম্মাননা পেয়েছেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ।
বুধবার (৬ অক্টোবর) রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে জন্ম-মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে আয়োজিত জাতীয় জন্ম ও মৃত্যু দিবসে এ সম্মাননা স্মারক ও ক্রেস্ট গ্রহণ করেন ইউএনও৷
স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম এ সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করেন। একই সাথে জুঁইদন্ডী ইউনিয়ন দেশের শ্রেষ্ঠ ইউনিয়ন স্বীকৃতি স্বরুপ মন্ত্রী থেকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট গ্রহণ করেন জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদের সচিব রিটন নাথ।
অন্যদিকে চট্টগ্রাম জেলা পর্যায়ে বারশত ইউনিয়ন পরিষদ সেরা ইউনিয়ন স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক ও ক্রেস্ট গ্রহণ করেন বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ।
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এ সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমদ বলেন, শ্রেষ্ঠ উপজেলার স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক ও ক্রেস্ট পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে আমি টিমলিডার হিসেবে কাজ করেছি। কাজগুলো সম্পাদন করেন ইউপি চেয়ারম্যান, সচিব এবং উদ্যোক্তারা। তারা সঠিকভাবে কাজগুলো করায় এই স্বীকৃতি। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি আশা করি এই স্বীকৃতিতে আনোয়ারার প্রত্যেকটি কাজের মান আরো উন্নত এবং টেকসই হবে।

