যে প্রকল্পের কাজে পাহাড় কাটার অভিযোগে ১০ কোটি টাকা জরিমানার মুখে পড়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সেই লিংক রোড প্রকল্প পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন।
বৃহস্পতিবার ঢাকা ট্রাংক রোড থেকে বায়েজিদ বোস্তামী পর্যন্ত লিংক রোড পরিদর্শন করে তিনি বলেছেন, প্রকল্পে নকশা মানা হয়নি।
মন্ত্রী এর আগে লালখান বাজারের মতিঝর্ণা এলাকা এবং লিংক রোড এলাকায় কেটে ফেলা পাহাড়ের অবস্থা দেখেন।
এ সময় এক প্রশ্নে মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন বলেন, “যেভাবে আমাদের দেশে পাহাড় কাটা হচ্ছে, এটা যেভাবেই হোক বন্ধ করতে হবে। সেজন্য জনসচেতনতা দরকার। এই জনসচেতনতা আপনাদের মাধ্যমেই আমরা চাই। সাংবাদিক ভাইরা এটা তুলে ধরবেন- পাহাড় কাটলে কি পরিমাণ ক্ষতি হয় সেটা আপনারা তুলে ধরবেন।”
তিনি বলেন, “আজকে আমরা চট্টগ্রাম আসেছি পাহাড় কাটার অভিযোগ শুনে। এটা আমরা সচক্ষে দেখে বিকালে মিটিং এ বসব এবং তারপর সিদ্ধান্ত নেব।”
লিংক রোড নির্মাণে পাহাড় কাটা এবং ডিজাইন না মানার অভিযোগ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, “এখানে ডিজাইন মানা হয়নি। এখন পর্যন্ত যতটুকু দেখলাম এখানে ডিজাইন মানা হয়নি। এখন কী করণীয়, আমরা বসব, বসে সিদ্ধান্ত নিব।”
এই রাস্তা নির্মাণে অনুমোদনের চেয়ে বেশি পাহাড় কাটায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে গত মাসে ১০ কোটি টাকার বেশি জরিমানা করে পরিবেশ অধিদপ্তর।








