সিপ্লাস প্রতিবেদক: দীর্ঘ ৪ মাস পর স্বাস্থ্যবিধি মেনে হোটেল মোটেল খোলার নির্দেশ দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। তবে পর্যটকদের আপাতত হোটেল কক্ষ ভাড়া দেয়া যাবে না।
শুধুমাত্র জীবন ও জীবিকার তাগিদে যারা কক্সবাজার আসবেন শুধু তাদেরকেই হোটেলে রাখা যাবে। এছাড়া কক্সবাজারে আগতরা কোনভাবেই সমুদ্র সৈকতে নামতে পারবে না কিংবা যেতে পারবে না জেলার দর্শনীয়স্থান গুলোতে।
কক্সবাজার জেলা প্রশাসনের সাথে পর্যটন ব্যবসায়ীদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে কক্সবাজার হোটেল মোটেল অফিসার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিম বলেন, প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে স্বাস্থ্য বিধি মেনে একটি হোটেলের অর্ধেক কক্ষ ভাড়া দেয়া যাবে। তবে কোনভাবেই পর্যটকককে ভাড়া দেয়া যাবেনা। যারা আসবে তাদেরকে পর্যটন স্পটে যেতে বারন করতে হবে। বিজ্ঞাপন প্রচার করা যাবেনা।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান বলেন, গত ২৪ জুন পর্যটন সংশ্লিষ্টদের সাথে আমাদের একটি বৈঠক হয়। সেই বৈঠকের সিদ্ধান্তন্তের আলোকেই মঙ্গলবার(১০ আগস্ট) সিদ্ধান্তগুলো গৃহিত হয়েছে। যারা জরুরী কাজে কক্সবাজার আসবে শুধুমাত্র তাদেরকেই হোটেলে রাখা যাবে। এছাড়া পর্যটনস্পট সমূহে যেতে পারবেনা আগতরা। এ বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে কঠোরভাবে নিশ্চিত করা হবে।








