সিপ্লাস ডেস্ক: মহামারি করোনাভাইরাসে স্তব্ধ পৃথিবী। এদিকে করোনার প্রকোপে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির অর্থনৈতিক সঙ্কট কাটাতে কোনো কোনো এলাকায় লকডাউন শিথিল করা হচ্ছে।
এদিকে এমন সঙ্কটাপন্ন অবস্থায় মার্কিন অর্থনীতি নিয়ে সুখবর জানালেন বিলিয়নিয়ার ওয়ারেন বাফেট। মহামারির কারণে মার্কিন অর্থনীতিতে যে সংকট দেখা দিয়েছে তা দ্রুত ঠিক হয়ে যাবে বলে নিজের বিশ্বাসের কথা জানিয়েছেন তিনি। এর কারণ হিসেবে তিনি বলেছেন আমেরিকান যাদু এখনো বিরাজমান রয়েছে।
শনিবার (২ মে) ৮৯ বছর বয়সী এই ধনকুবের বিশ্বের বৃহৎ অর্থনীতির বিষয়ে প্রত্যয়পূর্ণ ভবিষ্যদ্বাণী করেছেন। মার্কিন অর্থনীতির ইতিহাস তুলে ধরে বাফেট বলেন, ‘আমরা অতীতে অনেক বড় সমস্যার মুখোমুখি হয়েছি তবে এই ধরনের সমস্যার মুখোমুখি হইনি। বাস্তবে আমরা আসলেই এমন সমস্যার মুখোমুখি হইনি, যা এই সমস্যার সঙ্গে বেশ সাদৃশ্যপূর্ণ।’
তিনি বলেন, ‘তবে আমরা আরও কঠিন সমস্যার মুখোমুখি হয়েছি এবং আমেরিকান মিরাকল বা জাদুর মাধ্যমে তা কাটিয়ে উঠেছে। এই আমেরিকান জাদু এখনো চলমান রয়েছে এবং আবারো তা কাজ করবে।’
দাসত্ব বিলোপ এবং নারীদের ভোটাধিকারের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, আমরা এখন আরও ভালো একটি দেশ। পাশাপাশি একটি অবিশ্বাস্য ধনী দেশ। ১৭৮৯ সাল থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়েছি এবং সঠিক পথেই আমরা এগিয়েছি।








