নিউজটি শেয়ার করুন

জাপানের নতুন প্রধানমন্ত্রী কে?

সিপ্লাস প্রতিবেদক: শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। শুক্রবার(২৮আগস্ট) তিনি নিজেই সংবাদমাধ্যমে এ ঘোষণা দেন ।

জানাযায়, শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

পদত্যাগের ঘোষণা দেয়ায় এখন দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট পদেও নির্বাচন অনুষ্ঠিত হবে। শিনজো আবের স্থলাভিষিক্ত হিসেবে এলডিপির নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রধানমন্ত্রী নির্বাচনে দেশটির পার্লামেন্টেও ভোটাভুটি অনুষ্ঠিত হবে। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে এলডিপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলীয় নতুন প্রেসিডেন্টই দেশটির প্রধানমন্ত্রী হতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত জাপানের সরকার পরিচালনা করবে আবে এবং তার মন্ত্রিসভা। তবে নতুন কোনো নীতি গ্রহণ করতে পারবে না এই সরকার। এছাড়া দলীয় নির্বাচনে জয়ী প্রেসিডেন্ট ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত এলডিপির নেতৃত্ব দেবেন। আবের এই রাজনৈতিক দল ২০২১ সাল পর্যন্ত জাপানের ক্ষমতায় থাকবে বলেও জানা গেছে।

সাধারণত দলের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য এক মাস আগে সময় ঘোষণা করার বিধান রয়েছে। এই ভোটে তৃণমূলের নেতারা ছাড়াও দলীয় এমপিরা ভোটাধিকার প্রয়োগ করে দলের প্রেসিডেন্ট নির্বাচিত করেন। কিন্তু হঠাৎ করে শিনজো আবে পদত্যাগ করায় এখন অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে দলীয় প্রধান নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।

জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন যারা

*তারো আসো; জাপানের অর্থমন্ত্রী তারো আসো বর্তমানে দেশটির উপ-প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন।

* শিগেরু ইশিবা; জাপানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী, এলডিপির নেতা ও আবের সমালোচক ইশিবা। নিয়মিত জরিপে সংসদ সদস্যরা সাবেক এই প্রতিরক্ষামন্ত্রীকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।

* ফুমিও কিশিদা; ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত শিনজো আবের নেতৃত্বাধীন সরকারের শাসনামলে জাপানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন কিশিদা।

*তারো কোনো; জাপানের যুদ্ধবিরোধী নেতা হিসেবে বেশ সুনাম রয়েছে ৫৬ বছর বয়সী প্রতিরক্ষামন্ত্রী তারো কোনোর। যুদ্ধকালীন ইতিহাসে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বিরোধের ক্ষেত্রে আবের নেয়া সিদ্ধান্তে দৃঢ় সমর্থন ছিলো তার।