সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের তাণ্ডবে প্ররোচনা ও ইন্ধন দেওয়ার অভিযোগে আটক সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা শাহজাহান চৌধুরীর হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
সোমবার (৯ আগস্ট) রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান ছয় সপ্তাহের জন্য জামিন আদেশ স্থগিত করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।
গত ১৪ মে গভীর রাতে সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছমদর পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গত ২৬ মার্চ হেফাজতের সহিংসতায় ইন্ধন দেওয়ার মামলায় তাকে আটক দেখানো হয়েছে।
শাহজাহান চৌধুরী চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় জামায়াতের মজলিশে সূরার সদস্য এবং তিনি ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে সাতকানিয়া আসনের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।
উল্লেখ্য, গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে হাটহাজারীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে হেফাজতে ইসলাম। এ সময় হাটহাজারী ভূমি অফিসে আগুন দেওয়া হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে মারা যায় চার জন। এ ঘটনায় হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরীসহ জামায়াত-বিএনপির নেতাকর্মীদের আসামি করে হাটহাজারী থানায় পৃথক ১০ টি মামলা করে পুলিশ। এই সংক্রান্তে মামলায় শাহজাহান চৌধুরীকে আটক দেখানো হয়।
আজ সোমবার তার হাইকোর্টের দেওয়া জামিন, স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।








