চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযানে নগরীর জামালখান চট্টমেট্রো রেস্টুরেন্টে পঁচা ও বাসি খাবার পাওয়া ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।
রোববার (২৬ জানুয়ারী) দুপুর সাড়ে ১২ টায় নগরীর জামালখান এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে চট্টগ্রাম জেলা প্রশাসন।
সরেজমিনে দেখা যায়, রেস্টুরেন্টটিতে অস্বাস্থ্যকর পরিবেশে আগের দিনের পচা ও বাসি খাবার বিক্রি করা হচ্ছিল। এসময় রেস্টুরেন্টের ফ্রিজ থেকে আগের দিনের রান্না করা চিকেন ফ্রাই, চিকেন কারি, গরুর মাংস, নুডলস, মেয়াদোত্তীর্ণ বোরহানি, দই পাওয়া যায়। এ অপরাধে রেস্টুরেন্টটিকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি মৌখিকভাবে সতর্ক করে দেয়া হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের নির্দেশে সারাবছরব্যাপী ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলে চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা যায়।

