সিপ্লাস প্রতিবেদক: নগরীর জামালখান বাই লেইনের একটি ভবনে অভিযান চালিয়ে ৩ হাজার ৩০০ ইয়াবা ও নগদ ২লাখ টাকাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে তিনজনের সম্পর্ক বাবা-ছেলে ও জামাতা।
শুক্রবার(২৫ জুন) রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. জোবাইর প্রকাশ জুবাইর (৫৫), তার দুই ছেলে মো. ফারেছ (২৬) ও মালেক (২৪) এবং মেয়ের জামাই নিয়াজ মোর্শেদ (২৮)।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, গ্রেফতার বাবা, ছেলে ও জামাতা পরস্পর যোগসাজশে ইয়াবা কারবারে জড়িত, এসব তথ্য তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা কক্সাবাজারের উখিয়া থেকে স্বল্পমূল্যে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে তাদের জামালখানস্থ বাসায় বিক্রয় করে। গ্রেপ্তার মালেকের বিরুদ্ধে আগে থেকে কোতোয়ালী থানায় একটি মামলা ছিল।

