Site icon CPLUSBD.COM

জামায়াতের কাঁধে ভর করে নৌকার জয় আনতে চান মোছলেম!

আওয়ামী লীগ প্রার্থী মোছলেম উদ্দিনের নির্বাচনী সেন্টার কমিটির আহবায়ক জামায়াত নেতা মনজুর মোরশেদ (গোল চিহ্ন দেয়া)

আসন্ন চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোছলেম উদ্দিন আহমদকে নির্বাচনে জয়ী করতে জামায়াত-শিবিরের সাথে কৌশলগত ঐক্যের অভিযোগ উঠেছে৷ খোদ প্রার্থীর নিজ এলাকা বোয়ালখালীর একটি ইউনিয়নের নির্বাচন কমিটির আহবায়ক করা হয়েছে স্থানীয় এক জামায়াত নেতাকে৷ সেই জামায়াত নেতাকে আওয়ামী লীগের নৌকা প্রতিকের পক্ষে কাজ করতে গঠিত কেন্দ্র কমিটির আহবায়ক করার বিষয়টি স্বীকার করেছেন দক্ষিন জেলা আওয়ামী লীগের দ্বায়িত্বশীল নেতা।

বোয়ালখালীর স্থানীয় জামায়াত নেতা মনজুর মোরশেদ ছাত্রজীবন থেকেই ছাত্র শিবিরের নেতৃত্বে ছিলো৷ স্থানীয়দের কাছে তিনি জামায়াতের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত অথচ বর্তমানে সেই মনজুর মোরশেদ আওয়ামী লীগের যোগ দানের সুযোগ না পেলেও আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কান্ডারী বনে গেছেন৷ মনজুর মোরশেদকে আসন্ন উপ-নির্বাচনে বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়ন নির্বাচনী কমিটির আহবায়ক করার কথা স্বিকার করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাহনেয়াজ হায়দার শাহীন।

তিনি সিপ্লাসকে জানান, মনজুর মোরশেদ আগে কি ছিলো সেটা আমি বলতে চাইনা৷ তবে মনজুর মোরশেদ আমার নিজ এলাকার মানুষ৷ সেই এলাকাটি জামায়াত অধ্যূষিত হওয়ায় কৌশলগত কারণে মনজুর মোরশেদকে আমি নিজ দ্বায়িত্বে নির্বাচনী দ্বায়িত্ব দিয়েছি। ২০০৮ সাল থেকে সব নির্বাচনে মনজুর মোরশেদ আওয়ামী লীগের পক্ষে ভালো পারফর্মেন্স দেখিয়েছে উল্লেখ করে জেলা আওয়ামী লীগের নেতা শাহীন বলেন, সে আগে জামায়াত না তবে ছাত্র শিবির করতো, কিন্তু এখন তার মুখে এখন “জয় বাংলা” “জয় বঙ্গবন্ধু” শ্লোগান শুনছি।”

স্থানীয় একাধিক আওয়ামী লীগ নেতা এই বিষয়ে প্রশ্ন করলে তারা মন্তব্য করতে বিব্রত বোধ করেছেন৷ নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিন জেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতা জানিয়েছেন, মনজুর মোরশেদ বোয়ালখালীর জামায়াত নেতা হিসেবে চিহ্নিত৷ মাঝে তিনি সাংবাদিকতা করতো বলেও শুনেছি৷ তবে চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের কোন পর্যায়ের কোন দ্বায়িত্বে তিনি নেই৷ তাকে আওয়ামী লীগের সদস্যও করা হয়নি৷

নদীর এপাড়ে চাঁদগাও আর ওপারে বোয়ালখালী এলাকা মিলে গঠিত চট্টগ্রাম ৮ আসন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোছলেম উদ্দিনের নিজ এলাকা বোয়ালখালীতে বিএনপির বিপুল ভোট ব্যাংক রয়েছে৷ সেই ভোট ব্যাংকের একটি বিরাট অংশ জামায়াতের৷ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে জামায়াত ইসলামি কোনঠাসা হয়ে গেলে অনেক জামায়াত নেতা এখন লেবাস পাল্টে আওয়ামী লীগে ভিড়েছে বলে মনে করছে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা৷ তিনদফা সরকার গঠনের পরো দক্ষিন জেলা আওয়ামী লীগের সভাপতিকে এখনো যদি জামায়াতের সহায়তায় নির্বাচনী বৈতরনী পার হতে হলে এই লজ্জা সবার বলে মনে করেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আওয়ামী লীগ নেতা৷

আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী অন্য মতাদর্শীদের দলে না ভেড়ানোর বিষয়ে একাধিকবার নির্দেশনা দিলেও স্থানীয় পর্যায়ের নেতারা নিজেদের স্বার্থে আদর্শ ও নীতি বিসর্জন দিচ্ছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এই বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, দক্ষিন জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্ঠা করা হলেও তাঁকে পাওয়া যায়নি৷