সিপ্লাস প্রতিবেদক: জামিনের পর কক্সবাজার কারাগার থেকে মুক্তি পেলেন টেকনাফের মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে নিহত মেজর(অব.) সিনহার সহযোগী স্টামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম এন্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী শিপ্রা রানী দেবনাথ।
এর আগে, শিপ্রা দেবনাথের জামিন মঞ্জুর করেছেন আদালত।
শিপ্রা দেবনাথের আইনজীবী আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেছেন, ‘মহিলা বিবেচনায় মামলার প্রতিবেদন না দেয়া পর্যন্ত তাকে (শিপ্রাকে) জামিন দিয়েছে আদালত।’
এদিকে, ওই ঘটনায় পুলিশের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা সাহেদুল ইসলাম সিফাতের জামিনের আবেদনের শুনানি সোমবার হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, ৩১ শে জুলাই রাতে ওই ঘটনার পর পুলিশের করা মামলায় গ্রেপ্তার হয়ে কক্সবাজার কারাগারে ছিলেন বেসরকারি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী সাহেদুল ইসলাম সিফাত এবং শিপ্রা দেবনাথ।
নিহত সিনহা মো. রাশেদ খানের সাথে কক্সবাজারে ডকুমেন্টারি তৈরির কাজ করছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির তিনজন শিক্ষার্থী শিপ্রা দেবনাথ, সাহেদুল ইসলাম সিফাত এবং তাহসিন রিফাত নূর।
এদের মধ্যে তাহসিন রিফাত নূরকে তাদের অভিভাবকের কাছে ছেড়ে দেয়া হয়েছে। পুলিশ সাহেদুল ইসলাম সিফাতের বিরুদ্ধে দুটি মামলা এবং শিপ্রা দেবনাথের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।








