সিপ্লাস ডেক্স: আবারও চাঁদাবাজির মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি এহতেশামুল হক ভোলাকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, মামলার খরচ জোগাতে চাঁদাবাজি করছিলেন আলোচিত এহতেশামুল হক ভোলা। তার বিরুদ্ধে মাহমুদা খানম মিতু হত্যা মামলা ছাড়াও আরও ১৮টি মামলা বিচারাধীন রয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পুলিশের পক্ষ থেকে এহতেশামুল হক ভোলাকে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।
উল্লেখ্য,২০১৬ সালের ৫ জুন সকালে নগরের ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নিহত হন তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই হত্যায় অস্ত্র সরবরাহকারী হিসেবে আটক হন এহেতাশামুল হক ভোলা ও তার সহযোগী মো. মনির। তাদের কাছ থেকে পয়েন্ট ৩২ বোরের একটি পিস্তল উদ্ধার করা হয় যেটি মিতু হত্যায় ব্যবহৃত হয়েছে বলে পুলিশ দাবি করেছিল তখন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, এহতেশামুল হক ভোলা একজন পেশাদার সন্ত্রাসী। মাহমুদা খানম মিতু হত্যা মামলাসহ আরও ১৮টি মামলার আসামি। ১০ মাস আগে কারাগার থেকে জামিনে বের হন এহতেশামুল হক ভোলা। মামলার খরচ জোগাতে চাঁদাবাজি করছিলেন। সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (চকবাজার জোন) মুহাম্মদ রাইসুল ইসলাম বলেন, বাকলিয়া রাজাখালী এলাকায় এক ব্যক্তির কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের হওয়া মামলায় এহতেশামুল হক ভোলাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এহতেশামুল হক ভোলা ও তার সহযোগীরা চাঁদার দাবিতে ভুক্তভোগীর বাড়ির দারোয়ান ও ভাড়াটিয়াকে মারধরও করে।

