সিপ্লাস ডেস্ক: এই সময়ের আলোচিত শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনির বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় রিমান্ড ও জামিনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানি শেষে পরীমনির জামিন নামঞ্জুর করে আদালত আবারো পরীমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে তথ্য জানা গেছে।
এর আগে বেলা ১১টা ৪৫ মিনিটে আদালতে পরীমনির শুনানি শুরু হয়। এদিন সকাল ৮টা ২৫ মিনিটে কাশিমপুর মহিলা কারাগার থেকে তাকে আদালতের হাজতখানায় নিয়ে আসা হয়। শুনানি করা সময় অন্যদিনের মতো আজও এজলাসে আইনজীবীদের মধ্যে হট্টগোল দেখা গেছে। এ সময় বিচারক আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘কেউ যদি পরীমনিকে দেখার জন্য এজলাসে প্রবেশ করেন তাহলে একটু দেখে বের হয়ে যান। আমাদেরকে শুনানি করার জন্য সময় দিন।’
গত ১৬ আগস্ট বনানী থানায় মাদকদ্রব্য আইনের দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা তৃতীয় দফায় পরীমনির ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। আজ পরীমনির উপস্থিতিতে এ রিমান্ড ও জামিনের শুনানি শুরু হয়। আসামিপক্ষের আইনজীবী মজিবুর রহমান ও নীলাঞ্জনা রিফাত সুরভীসহ আরও অনেকে রিমান্ড বাতিল চেয়ে জামিনের জন্য আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে পরীমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে ১৬ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালতে আসামিপক্ষের আইনজীবী মুজিবুর রহমান জামিন আবেদন করলে আদালত জামিনের বিষয়ে শুনানির জন্য বুধবার (১৮ আগস্ট) দিন ধার্য করেন। এরপর ১৮ আগস্ট পরীমনির জামিনের বিষয়ে শুনানি করতে আসেন তার আইনজীবী মুজিবুর রহমান ও নীলাঞ্জনা রিফাত সুরভীসহ আরও অনেকে। কিন্তু বনানী থানার মাদক দ্রব্য আইনের মামলায় তদন্ত কর্মকর্তা কাজী গোলাম মোস্তফা তৃতীয় দফায় আবারো পরীমনির পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত রিমান্ড ও জামিন শুনানির জন্য আজকের দিন বৃহস্পতিবার ধার্য করেন।








