নিউজটি শেয়ার করুন

পতেঙ্গায় পরিবেশ দূষণ: জাহাজ ও ডিপো মালিককে ১০ লাখ টাকা জরিমানা

সিপ্লাস ডেস্ক: পরিবেশ অধিদফতরের ছাড়পত্র বা অনুমোদন ছাড়া ডকইয়ার্ডের বাইরে পতেঙ্গায় জাহাজ কাটায় ৮ লাখ টাকা জরিমানা (ক্ষতিপূরণ আরোপ) করা হয়েছে।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৮ সেপ্টেম্বর গত এমভি নিউ গোলাম রহমান নামের ওই জাহাজটিকে বন্দর এনএসআই টিমের তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ ১ লাখ টাকা জরিমানা করেছিলেন।
এদিকে গত ২ সেপ্টেম্বর পূর্ব পতেঙ্গার লালদিয়ার চর এলাকার বেসরকারি কনটেইনার ডিপো ইনকনট্রেডে একটি প্রাইমমুভারের তেলের ট্যাংকে ঝালাই করার সময় বিস্ফোরণে ৩ জন নিহতের ঘটনার পর পরিবেশ অধিদফতর জানতে পারে প্রতিষ্ঠানটি হালনাগাদ পরিবেশগত ছাড়পত্র নবায়ন ছাড়াই পরিচালিত হচ্ছে। ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির অনুকূলে ছাড়পত্র নবায়ন করা হয়েছিল। মেয়াদ ছিল ওই বছরের ১১ মে পর্যন্ত। এরপর প্রতিষ্ঠানটি ছাড়পত্র নবায়নের আবেদনও করেনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শুনানি শেষে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা ক্ষতিপূরণ আরোপ করে পরিবেশ অধিদফতর।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক বলেন, জাহাজ কেটে পরিবেশের ক্ষতিসাধনের দায়ে জাহাজ মালিক মো. ইউনুছ ও মো. এনায়েতকে ৮ লাখ টাকা জরিমানা (ক্ষতিপূরণ আরোপ) করা হয়েছে। এছাড়া ছাড়পত্র নবায়ন ব্যতিত প্রতিষ্ঠান পরিচালনার দায়ে বেসরকারি কনটেইনার ডিপো ইনকনট্রেডকে ২ লাখ টাকা জরিমানা (ক্ষতিপূরণ আরোপ) করা হয়েছে।