নিউজটি শেয়ার করুন

জিডি করতে গিয়ে কোতোয়ালি থানা থেকে এসআইর মোবাইল চুরি: আটক ১

বুধবার সকালে এই ঘটনার পর সন্ধ্যায় চুরি করা এ মোবাইল ফোনটি উদ্ধার করে গ্রেপ্তার করা হয় ৬০ বছর বয়সী ওই ব্যক্তিকে।

গ্রেপ্তার আব্দুর রহমান জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেছে বলে থানায় সাধারণ ডায়েরি করতে এসেছিলেন বলে জানান কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন।

তিনি  জানান, “বেলা ১১টার দিকে রহমান কোতোয়ালি থানায় এসেছিলেন জাতীয় পরিচয়পত্র হারিয়েছে বলে সাধারণ ডায়েরি করতে।

“এই সময় থানায় দায়িত্বরত এসআই শম্পা হাজারি তাকে জিডি লিখে দেওয়ার সময় আব্দুর রহমান কৌশলে থানার ডিউটি অফিসারের সরকারি নম্বরের মোবাইল সেটটি নিয়ে চলে যায়।”

সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই ব্যক্তিকে শনাক্ত করে অভিযানে নামে কোতোয়ালি থানা পুলিশ। সন্ধ্যায় ফিরিঙ্গী বাজার বংশাল রোড থেকে রহমানকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি মহসিন।

এই ঘটনায় এসআই শম্পা হাজারী বাদি হয়ে মামলা করেছেন।

ওসি জানান, রহমানের বাসা ফিরিঙ্গী বাজার বংশাল রোড এলাকায়। তিনি জানিয়েছেন, ঢাকার খিলগাঁওতে তার ছেলের স’মিলে থাকেন।