শুরুর ঝড়ো ব্যাটিংয়ে মঞ্চ তৈরি করে দিলেন লিটন দাস। ক্যারিয়ার সেরা ইনিংসে দলকে রানের পাহাড়ে নিয়ে গেলেন সৌম্য সরকার। মিলিত অবদানে বাকিটুকু সারলেন বোলাররা। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশ পেল নিজেদের সবচেয়ে বড় জয়। সিরিজের প্রথম ম্যাচে জিতল ৪৮ রানে।
রেকর্ড গড়া জয়
জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের সবচেয়ে বড় জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ। কার্ল মুম্বাকে ফিরিয়ে দলকে ৪৮ রানের জয় এনে দিলেন মুস্তাফিজুর রহমান।
লং অফে লিটন দাসের ক্যাচ দিয়ে শেষ হয় মুম্বার লড়াই। ১৬ বলে ২৫ রান করেন এই লোয়ার অর্ডার ব্যাটসম্যান। ২০১ রান তাড়ায় ১ ওভার বাকি থাকতে ১৫২ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
টি-টোয়েন্টিতে তাদের বিপক্ষে বাংলাদেশের আগের বড় জয়টি ছিল ৪৩ রানের। ২০০৬ সালে খুলনায় নিজেদের প্রথম টি-টোয়েন্টিতে সেই জয়টি পেয়েছিল তারা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ২০০/৩ (তামিম ৪১, লিটন ৫৯, সৌম্য ৬২*, মুশফিক ১৭, মাহমুদউল্লাহ ১৪*; রাজা ৪-০-৩১-১, মুম্বা ২-০-২৪-০, টিরিপানো ৪-০-৩৯-০, এমপোফু ৪-০-৫৮-১, মাধেভেরে ২-০-১৫-১, উইলিয়ামস ৪-০-৩১-০)
জিম্বাবুয়ে: ১৯ ওভারে ১৫২ (কামুনহুকামউই ২৮, টেইলর ১, আরভিন ৮, মাধেভেরে ৪, উইলিয়ামস ২০, রাজা ১০, মুতুমবামি ২০, মাটোমবোদজি ২, টিরিপানো ২০, মুম্বা ২৫, এমপোফু ২*; মুস্তাফিজ ৪-০-৩২-৩, শফিউল ৩-০-১৯-১, সাইফ ৩-০-১৯-১, মেহেদি ৪-০-২৯-০, আমিনুল ৩-০-৩৪-৩, আফিফ ২-০-১৮-১)
ফল: বাংলাদেশ ৪৮ রানে জয়ী
সিরিজ: ২ ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে








