নিউজটি শেয়ার করুন

জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করলেন আ জ ম নাছির

সিপ্লাস প্রতিবেদক: জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেন, জিয়াউর রহমান ৭৫’র ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যের খলনায়ক।

দেশ ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে তার মতো আর কোনো শয়তান নেই। আমি এই উপলব্ধি থেকে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করছি।

বুধবার (২৬ আগস্ট) নগর আওয়ামী লীগের উদ্যোগে মুজিব জন্মশতবর্ষে বৃক্ষরোপণ ও বৃক্ষচারা বিতরণের চলমান কার্যক্রমের অংশ হিসেবে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাছির বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুনর্বাসিত করার জন্য বাংলাদেশের বিদেশস্থ দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিলেন জিয়াউর রহমান। তিনি একজন মুক্তিযোদ্ধার লেবাসে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে গেছেন। জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করছি। তা না হলে নতুন প্রজন্ম বুঝতে পারবে না বাংলাদেশের প্রধান ও একমাত্র শত্রু কে ছিলেন?

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, প্রকৃতিকে ভালোবাসা ও মমত্ব প্রকাশের মধ্যদিয়ে মনুষ্যত্ব বিকশিত হয়। প্রকৃতির বিরুদ্ধে সব অপচেষ্টা প্রকৃত অর্থে মনুষ্যত্ব চেতনার সর্বনাশ ঘটানো। এ সর্বনাশা প্রবণতা পরিহার করে আমাদের একটি বাসযোগ্য নগর গড়ে তুলতে হবে।

নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমানের সঞ্চালনায় স্বনির্ভর ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক নূর মোহাম্মদ নুরু, ৫ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন চৌধুরী, ৬ নম্বর ওয়ার্ডের শামসুল আলম।

বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, কার্যনির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, হাজি বেলাল আহমদ, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক পিপি আইয়ুব খান, নিজাম উদ্দিন নিজু, সাইফুদ্দিন খালেদ সাইফু প্রমুখ।