সিপ্লাস ডেস্ক: তালেবানের পুনরুত্থানের মধ্য দিয়ে নতুন করে সংকটে আফগানিস্তান। দেশটিতে অর্থনৈতিক বিপর্যয় এড়াতে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করেছেন জি২০ জোটের নেতারা।
আফগানিস্তান সংক্রান্ত জরুরি সম্মেলন শেষে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি এসব তথ্য জানান। খবর আল জাজিরার।
দ্রাঘি বলেন, তালেবানের সঙ্গে জোটের দেশগুলোকে অবশ্যই যোগাযোগ রাখতে হবে। এর অর্থ এই নয় যে, ওই গোষ্ঠীর কর্মকাণ্ডকেও জি২০ স্বীকৃতি দিচ্ছে। সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত না থাকলেও তাদের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন। এর আগে আফগানিস্তানে ১.২ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন।
ইতালির প্রধানমন্ত্রী বলেন, আফগান সংকট নিয়ে এটি প্রথম কোনো বহুপক্ষীয় প্রতিক্রিয়া। বহুপক্ষীয় ব্যবস্থা ফিরে আসছে।

